অভয়নগরে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা ৪ জনে দাঁড়িয়েছে
যশোরের অভয়নগর উপজেলার লক্ষীপুর মাঠে বোমা বিস্ফোরণে গুরুতর আহত আমিনুরের বৃহস্পতিবার মৃত্যু হয়েছে। এই নিয়ে মঙ্গলবার রাতে সংঘঠিত ওই বিষ্ফোরণে নিহতের সংখ্যা ৪ জনে দাঁড়িয়েছে।
ঘটনার প্রথম দিন রাতেই নিহত হয় বিল্লাল এবং সুমন। বৃহস্পতিবার সকালে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন আমিনুরের মৃত্যু হয়। এছাড়া বোমা প্রস্তুতকারী এবং বিস্ফোরণে আহত হাতকাটা হাবিব বুধবার তার নানাবাড়ি নরেন্দপুরে আত্মগোপনরত অবস্থায় মারা যায়। গোপনে তার লাশ নিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার সকালে পুলিশ প্রেমবাগ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।
তবে একই ঘটনায় আহত অপর যুবক আসাদের অবস্থান এখনও পর্যন্ত জানা যায়নি।
এদিকে পুলিশ জানায়, নিহতরা সকলে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ)’র কর্মী। বোমা বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার করা একটি ব্যাগের ভিতর পুলিশ ওই সংগঠনের কিছু লিফলেট ও পুস্তিকা পেয়েছে।
নিহতদের ময়না তদন্তের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায়।
