২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানা সমস্যায় জর্জরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ নানা সমস্যায় জর্জরিত। প্রায় ১১ বছর ধরে বিভাগটি শিক্ষাকার্যক্রম চালালেও এখনো একটি বিভাগ হিসেবে পূর্ণাঙ্গতা অর্জন করতে পারেনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2006, 08:33 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

সমীর বড়–য়া

বিডিনিউজ প্রতিবেদকশিক্ষক,

শ্রেণীকক্ষ, অনুশীলনী কক্ষের সঙ্কট-- এ বিভাগের শিক্ষার্থীদের প্রচণ্ড ভোগাচ্ছে। এছাড়া এখানে নেই কোনো মিডিয়া সেন্টার।

আট শিক্ষাবর্ষে এ বিভাগের সব মিলিয়ে রয়েছে মাত্র ছয়টি শ্রেণী কক্ষ। এ কারণে তিনটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে মাঝেই ক্লাসের জন্যে করিডোরে অপেক্ষা করতে হয়।

অন্ধকার ও স্যাঁতস্যাঁতে পরিবেশে ক্লাস রুমগুলোর অবস্থাও যাচ্ছেতাই। আর পাহাড়ের পাশে হওয়ায় শ্রেণী কক্ষে বৃষ্টির পানি আসে। এ কারণে শিক্ষকরা পাঠদানে ঠিকমতো মনসংযোগও করতে পারেন না।

লোড শেডিংয়ে পুরোপুরি অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাওয়া ক্লাসরুমগুলোতে মোমবাতি না জ্বালিয়ে ক্লাস করা কঠিন হয়ে পড়ে বলে শিক্ষার্থীদের অভিযোগ।

বুয়েটের একদল বিশেষজ্ঞ পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, এ বিভাগের শ্রেণীকক্ষ এবং শিক্ষকদের কক্ষগুলো অসাস্থ্যকর।

অন্য দুটি সরকারি বিশ্ববিদ্যালয়ে বিভাগটি সমাজবিজ্ঞান অনুষদের আওতায় থাকলেও অজ্ঞাত কারণে এ বিশ্ববিদ্যালয়ে বিভাগটি সামাজিক বিজ্ঞান অনুষদের আওতাভুক্ত হয়নি।

এ ব্যাপারে গঠিত তিন সদস্যবিশিষ্ট কমিটি এখনো রিপোর্ট জমা দিতে পারেনি।

এর আগে শিক্ষক ও শিক্ষার্থীরা যৌথভাবে বিভাগীয় চেয়ারম্যানের কাছে বিভাগটিকে সামাজিক বিজ্ঞান অনুষদের আওতায় আনার জন্যে আবেদন জানান।

মিডিয়া বিশেষজ্ঞরা জানান, এ বিষয়ের কোর্সগুলো সামাজিক বিজ্ঞানভিত্তিক। বিদেশেও এ বিষয়টি সামাজিক বিজ্ঞান অনুষদের আওতাভুক্ত।

এ বিভাগকে সামাজিক বিজ্ঞান অনুষদে স্থানান্তর করতে গঠিত কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা রিপোর্টটি একরকম চূড়ান্ত করে ফেলেছি। খুব শিগগিরই আমরা তা জমা দেব।