২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ শিল্প ২০১৫ সাল পর্যন্ত কর অবকাশ ও ১৫ শতাংশ আর্থিক প্রণোদনা চায়

দেশের বিদ্যুৎ শিল্প জাতীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ২০১৫ সাল পর্যন্ত কর অবকাশ এবং ১৫ শতাংশ আর্থিক প্রণোদনা দাবি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2006, 04:42 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

বৈদ্যুতিক যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান টেকনো ভেঞ্চার লিমিটেডের পরিচালক এএইচএম মাহতাব উদ্দিন শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, দেশের বিদ্যুত শিল্পের বিকাশে সহায়ক শুল্কনীতি ভারত ও চীনের সমতুল্য হলেই কেবল প্রতিযোতিায় টিকে থাকা সম্ভব।

রাজধানীর একটি হোটেলে টেকনো ভেঞ্চার আয়োজিত সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, আরইবি ও পিডিবি’র সাবেক চেয়ারম্যান ব্রিগেডিয়ার (অব.) এম এ মালেক এবং সাবেক সচিব সৈয়দ তানভিরউল হোসেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বক্তারা বলেন, জিডিপি’র প্রতি শতাংশ প্রবৃদ্ধির জন্য বিদ্যুতের উৎপাদন ও বিতরণের ক্ষেত্রে দুই দশমিক পাঁচ ভাগ প্রবৃদ্ধি হওয়া উচিত।

টেকনো ভেঞ্চার লিমিটেডের পক্ষ থেকে বলা হয়, টাটার মতো বিদেশি বিনিয়োগকারীরা দশ বছর কর অবকাশ সুবিধা পেলে দেশীয় শিল্প কারখানাগুলোকেও কমপক্ষে ২০১৫ সাল পর্যন্ত এই সুবিধা ভোগ করতে দেওয়া উচিত।

দেশীয়ভাবে উৎপাদিত বিদ্যুতের বিভিন্ন খুচরা যন্ত্রাংশের শুল্ক কর সর্বোচ্চ ২৫ ভাগ ও এন্টিডাম্পিং ডিউটি ধার্য করে দেশীয় শিল্প কারখানার বিকাশের মাধ্যমে কর্মসংস্থান এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বলে বক্তারা উল্লেখ করেন।

বক্তারা বলেন, ভারত ও চীনে বিদ্যুতসহ অন্যান্য শিল্পে যে ধরনের করকাঠামো ও শুল্ক সুবিধা প্রদান করা হয় আমাদের দেশীয় শিল্পে একই ধরনের সুবিধা প্রদান করা হলে বিদ্যুৎ সংকট কাটিয়ে ওঠা ছাড়াও রপ্তানিতে ব্যাপক ভূমিকা রাখা সম্ভব হবে।