শনির আখড়ায় শুক্রবার সংগ্রাম পরিষদের সমাবেশকে ঘিরে এলাকায় উত্তেজনা
নাগরিক অধিকার ডেমরা-শ্যামপুর পানি-বিদ্যুত সংগ্রাম পরিষদ ১০ দফা দাবি আদায়ে শুক্রবার দুপুরে শনির আখড়া বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করেছে। এ সমাবেশকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
সংগ্রাম পরিষদ আহবায়ক মোসলেহ উদ্দিন মাসুদ টেলিফোনে বিডিনিউজকে বলেন, ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা আমাদের দাবি পূরণের ব্যাপারে আশ্বাস দেওয়ার ১৩ দিন পেরিয়ে গেলেও সরকার আমাদের দাবি দাওয়া পূরণের অঙ্গীকার রাখতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, ওই এলাকার বাসিন্দারা এখনো অব্যহত পানি ও বিদ্যুত সঙ্কটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।
যদিও তিনি বলেন, ডেমরা-শ্যামপুর এলাকায় তাদের কর্মী বা সমর্থকের উপর স্থানীয় ক্যাডার বা পুলিশি হুমকির কোনো তথ্য এখনও পর্যন্ত তিনি পাননি।
পানি ও বিদ্যুত সঙ্কটের প্রতিবাদে ৫ মে হাজার হাজার জনতা ঢাকা - চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করলে ডেমরা এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং স্থানীয় সাংসদ তার ক্যাডার বাহিনীসহ ঘটনাস্থলে উপস্থিত হলে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। দিনব্যাপী ওই সংঘর্ষে শতাধিক লোক আহত হয়।
বিক্ষুব্ধ জনতা স্থানীয় সাংসদ সালাউদ্দিনের ওপর হামলা, অর্ধশতাধিক যানবাহন ভাংচুর, থানায় হামলা এবং মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে।
ডেমরা ও শনির আখড়া অঞ্চলের মুরাদপুর, দনিয়াবাজার, শনির আখড়া, কুতুবখালী, ধলপুর, নয়াপাড়া, মাতুয়াইল, গোবিন্দপুর, নূরপুর ও পাতারবাগের বাসিন্দারা সমাবেশে অংশ নেবে বলে সংগ্রাম পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে সমাবেশ কর্মসূচী ঘোষণায় এলাকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
