২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গার্মেন্টস মালিক ও শ্রমিকপক্ষের সংঘর্ষ: আহত অর্ধশতাধিক

সাভারে রপ্তানীমুখী একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে সংঘর্ষে জেনারেল ম্যানেজারসহ কমপক্ষে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 08:56 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

সোমবার সকাল ৯টায় শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে। এতে গার্মেন্টসের জিএম শেখর বাবু, শ্রমিক বেল্লাল, জসীম, সাগর, ওবায়দুল ও মুকুলসহ প্রায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়। এদের মধ্যে গুরুতর অবস্থায় আটজনকে স্থানীয় ডক্টরস জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাভারের আশুলিয়া থানার জামগড়া এলাকায় ‘স্ক্যান ডেক্স বিডি লি:’ নামের রপ্তানীমুখী গার্মেন্টেসের শ্রমিকরা দীর্ঘদিন ধরে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিলো। সোমবার এ দাবিতে শ্রমিকদের সাথে মালিক পক্ষের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে শ্রমিকরা প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজারকে মারধর করে। পরে মালিকপক্ষের কতিপয় সন্ত্রাসী শ্রমিকদের ধাওয়া করলে তারাও পাল্টা ধাওয়া করে। উভয় পক্ষের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা-ধাওয়া চলে। আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার প্রতিবাদে শ্রমিকরা এলাকায় একটি মিছিল বের করে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।