২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে ভবন ধস, যুবদলের মহাসমাবেশের কারণে ব্যাপক যানজটের কবলে রাজধানীবাসী

তেওগাঁওয়ে ছয়তলা ভবন ধস ও ঐতিহাসিক পল্টন ময়দানের জাতীয়তাবাদী যুবদলের মহাসমাবেশ-এ দু’টি ঘটনার প্রেক্ষিতে রোববার রাজধানী তীব্র যানজটের মুখোমুখি হয়। আর যানজটের ফলে যথারীতি রাজধানীবাসীর ভোগান্তি চরমে পৌঁছায়।

নিজস্ব প্রতিবেদক

B

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 09:20 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

মহাখালী বাসস্ট্যান্ডের কাছে তেজগাঁও শিল্প এলাকায় শনিবার সকালে বহুতল ভবন ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ১৮জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়।

ভবন ধসে পড়ার প্রেক্ষিতে টঙ্গী ডাইভারশন রোডের (শহীদ তাজউদ্দিন সরণী) স্বাভাবিক যান চলাচল বাতিল করা হয়। এ রোডের সকল যানবাহনের দিক পরিবর্তন করে ফার্মগেট হয়ে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের দিকে যেতে হচ্ছে। আর এ চাপটা গিয়ে পড়েছে এয়ারপোর্ট-টঙ্গী রোডের ওপর।

আর পল্টন ময়দানে জাতীয়তাবাদী যুবদলের মহাসমাবেশ শুরু হওয়ার আগে থেকেই নিরাপত্তার কারণে যানবাহনগুলোকে যখন সকল সড়ক বাদ দিয়ে শুধু দৈনিক বাংলা-পল্টন সড়ক ব্যবহার করতে হয়, তখন পরিস্থিতি আরো চরম আকার ধারন করে।

মহাসমাবেশে প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

যাত্রীর জন্যে শাহবাগে অপেক্ষমান একজন ট্যাক্সিক্যাব চালক এই প্রতিবেদককে বলেন, উত্তরা থেকে শাহবাগ আসতে সময় লেগেছে দুই ঘন্টা। অন্যান্য দিনে এতটুকু পথ আসতে সর্বোচ্চ এক ঘন্টা লাগে।

অফিস-আদালত-স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ছুটির পর বিকেলে ঘরে ফেরা মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে যানজট পরিস্থিতি আরো ভয়াবহ হতে থাকে। অনেককে ঘন্টার পর ঘন্টা বাস থামার স্টপে অপেক্ষা করতে দেখা গেছে। অনেককে আবার হেঁটে হেঁটে নিজ গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাওসার আলী তার অসুস্থ্য স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলেন বাংলা মটরে। বাসের জন্যে তাকে এক ঘন্টারও বেশি অপেক্ষা করতে হয়েছে বলে তিনি জানান।

মেট্রোলিংক বাস সার্ভিসের টিকিট বিক্রেতা ইকবাল হোসেনকে একজন অপেক্ষমান বাসযাত্রীকে বলতে শোনা যায়, কোনো টিকিট নেই। আগে বাস আসতে দিন।

তিনি বলেন, কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের দিকে সকল যানবাহনের দিক ঘুরিয়ে দেওয়ায় যানজট বৃদ্ধি পায়।

ঢাকায় নবাগত সরকারি কর্মচারী পলি জানান, কল্যাণপুর যাওয়ার জন্যে তিনি বাসের জন্যে অপেক্ষা করছেন। প্রতিটি বাসই যাত্রীভর্তি। আমি বাসে উঠতেই পারছি না।

তীব্র যানজট পরিবহন শ্রমিকদের আয়ের উপর ব্যাপক প্রভাব ফেলেছে বলে তাদের সাথে কথা বলে জানা গেছে।

বিকল্প অটো বাস সার্ভিসের চালক বাদল জানান, মিরপুর-মতিঝিল-মিরপুর রুটে প্রতিটি আপ-ডাউন ট্রিপের জন্যে আমি সাধারণত ১০০ টাকা পেয়ে থাকি। অন্যান্য দিন আমি যেখানে সাতটি ট্রিপ দেই, সেখানে (রোববার) সকাল থেকে এখন পর্যন্ত মাত্র পাঁচটি ট্রিপ দিতে পেরেছি।