হরিণ হত্যা মামলায় বলিউড স্টার সালমান খানের ১ বছরের কারাদণ্ড
বলিউড সুপারস্টার সালমান খানকে শুক্রবার কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় যোধপুর আদালত এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।
একই মামলায় অভিনেতা সাঈফ আলী খান, সোনালী বেন্দ্রে ও নিলম কোঠারির ব্যাপারে আদালতে আগামী ২০ ফেব্রুয়ারি রায় ঘোষণা করা হবে।
যোধপুর আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শ্রীবন্ত সিং ভারতীয় বণ্যপ্রাণী সংরক্ষণ আইনের ৫১ ধারায় সালমান খানকে দোষী সাব্যস্ত করে ওই দণ্ড দেন।
টানা আট বছর ধরে মামলাটির শুনানি চলছিল। দুপুরে আদালতে সালমানের উপস্থিতিতে বিচারক যখন রায় ঘোষণা করেন, তখন আদালতের বাইরে কয়েক হাজার সালমান ভক্ত বিক্ষোভ দেখায়। পুলিশ পরে বিক্ষোভকারীদের সেখান থেকে হটিয়ে দেয়।
১৯৯৮ সালে ২৬ ও ২৭ সেপ্টেম্বর রাজস্থান রাজ্যের যোধপুর শহর থেকে ত্রিশ কিলোমিটার দুরে একটি নির্জন জঙ্গলে সালামান খান, অভিনেত্রী টাবু, সোনালি বেন্দ্রে, অভিনেতা সাঈফ আলী খান, নিলম কোঠারি, সতিশ শাহসহ আটজনের একটি দল ’হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং করতে গিয়ে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকার করেন। অভিনেতা সামলান খানের উদ্যোগেই এ শিকার পরিচালিত হয়। সালমান খান শিকার করা ওই দু’টি হরিণের মুণ্ডচ্ছেদ করে, রান্না করে খান বলেও অভিযোগ ওঠে।
শুধু তাই নয়, অভিযোগ ছিল হরিণ শিকারের সময় সালমান খান যে অস্ত্রটি ব্যবহার করেছিলেন সেটির কোন লাইসেন্স ছিল না। ঘটনার খবর পেয়ে ওই সময়ই বণ্যপ্রাণী বাঁচাও নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ অভিযোগ তুলে আদালতে মামলা করে।
রায়ের পর সালমানের আইনজীবী দিপেশ মেহেতার সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে জানান, যোধপুর আদালতের রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।
