২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ডেনিশরা আতংকের মধ্যে রয়েছে: ডেনিশ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত নীলস সেভারিন মুঙ্ক বৃহস্পতিবার বলেছেন, হযরত মোহাম্মদ (সা.) এর ব্যাঙ্গাত্মক কার্টুন ছাপার পর থেকে সারা পৃথিবীতে যে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বসবাসরত ডেনমার্কের নাগরিকরা আতংকের মধ্যে রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 10:10 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

২০০৫ সালের সেপ্টেম্বরে ডেনমার্কের একটি পত্রিকায় ব্যাঙ্গাত্মক কার্টুন ছাপানোর ঘটনায় মুসলিম বিশ্বের কাছে ক্ষমাপ্রার্থণা করে ডেনিশ রাষ্ট্রদূত নীলস সেভারিন মুঙ্ক বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর কাছে তার দেশের প্রধানমন্ত্রী ও বিশ্ব নেতৃবৃন্দের পক্ষ থেকে প্রেরিত দু’টি বার্তা পড়ে শোনান।

ডেনিশ প্রধানমন্ত্রী এন্ডার্স ফগ রাসমুসেন এক বার্তায় বিতর্কিত কার্টুনের জন্য মুসলিম বিশ্বের কাছে ক্ষমাপ্রার্থণা করেছেন। এদিকে এক যৌথ বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব, ওআইসি মহাসচিব ও ইউরোপীয় ইউনিয়নের কমন ফরেন অ্যান্ড সিকিউরিটি পলিসি’র হাই রিপ্রেজেন্টেটিভ ক্ষমাপ্রার্থণা করেছেন।

প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, কয়েকদিন আগে জাইল্যান্ডস-পোস্টেন পত্রিকা লিখিতভাবে মুসলিম বিশ্বের কাছে ক্ষমাপ্রার্থণা করেছে। তারা বলেছে, কাউকে আহত করা তাদের উদ্দেশ্য ছিল না।

সংবাদ সম্মেলনে ডেনিশ রাষ্ট্রদূত ৭ ফেব্রুয়ারি জাতিসংঘ, ওআইসি এবং ইইউ’র ইস্যুকৃত যৌথ বিবৃতি পড়ে শোনান।

যৌথ বিবৃতিতে বলা হয়, এ ধরনের ঘটনার পটভূমিতে বিভিন্ন মতের বিশ্বাসী ও বিভিন্ন দেশের মানুষের মধ্যে নতুন করে সংলাপ প্রয়োজন। বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানের শক্তিতে আমরা তাদের শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।

যৌথ বিবৃতির ভাষায়, এ ধরনের আক্রমণাত্মক কার্টুন ছাপার কারণে মুসলিম বিশ্বের মধ্যে যে মানসিক যন্ত্রণার কাজ করছে, স্পর্শকাতর ধর্মীয় বিশ্বাসের প্রতি সহানুভুতিশীল সকল ব্যক্তি ও সম্প্রদায় তার অংশীদার হয়েছে।