২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় বিবেচনায় রাবিতে জামায়াতপন্থী প্রার্থীকে নিয়োগের চেষ্টা

যোগ্যতা না থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান-কারিগরি কারখানায় জামায়াতপন্থী এক প্রার্থীকে নিয়োগ দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

‘এডিশনাল চীফ ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার’ পদে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বাদ দিয়ে সম্পূর্ণ দলীয় বিবেচনায় তার নিয়োগ আগামী সিন্ডিকেটে চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

১ নভেম্বর রাবির বিজ্ঞান-কারিগরি কারখানায় ‘এডিশনাল চীফ ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার’ এর একটি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যোগ্যতা হিসেবে ইলেকট্রনিক্স/ইলেকট্রিক্যাল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা পদার্থ বিজ্ঞান বা ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিষয়ে সম্মান ডিগ্রিসহ শিক্ষাজীবনের সব স্তরে কমপক্ষে দ্বিতীয় বিভাগসহ মাস্টার্স ডিগ্রি অথবা ইলেকট্রনিক্স/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা চাওয়া হয়।

এছাড়া অভিজ্ঞতা হিসেবে ল্যাবরেটরি ইন্সট্রুমেন্টেশনে বিশেষজ্ঞ পর্যায়ে কমপক্ষে এক বছর দেশে/বিদেশে প্রশিক্ষণসহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ল্যাব ইন্সট্রুমেন্ট ইন্সটলেশন, মেরামত এবং রক্ষণাবেক্ষণে অফিসার/ইঞ্জিনিয়ার হিসেবে কাজের ১৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়।

এই পদে সাতজন আবেদন করেন। অন্য প্রার্থীদের ইলেকট্রনিক্স/ইলেকট্রিক্যাল-এ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট থাকলেও জামায়াতপন্থী মাসউদুর রহমানের তা নেই।

সত্তরের দশকে পাকিস্তান এয়ার ফোর্সের (ইপিআর) জুনিয়র টেকনিশিয়ান পদে কর্মরত থাকাকালে রাডার টেকনোলজির ওপর স্বল্পমেয়াদি ট্রেনিং কোর্স সম্পন্ন করে ‘ডিপ্লোমা অব অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার’ সার্টিফিকেট পান তিনি। স্বল্পমেয়াদি ট্রেনিং কোর্সের এই সার্টিফিকেটকেই তিনি ‘ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং’ বলে চালিয়ে দিয়েছেন।

মাসউদুর রহমানের সার্টিফিকেট পরীক্ষা করে ব্যবস্থা গ্রহণের জন্য গত ১৪ ডিসেম্বর এমরান আলী নামে এক প্রার্থী রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদন করেন। তার পরও দলীয় বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ২০ ডিসেম্বর সব প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ শেষে মাসউদুর রহমানকেই নিয়োগের জন্য মনোনয়ন করে। যা আগামী সিন্ডিকেটে চয়ড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে বিজ্ঞান-কারিগরি কারখানার প্রশাসক অধ্যাপক শফিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে মন্তব্য করতে রাজী হননি।

বিশ্ববিদ্যালয় উপাচার্য ও নিয়োগ বোর্ডের সভাপতি অধ্যাপক ড. এম আলতাফ হোসেনও সিন্ডিকেট অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিছেন।

মাসউদুর রহমানের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।