রাষ্ট্রদ্রোহ মামলায় তানিয়া আমীরের আগাম জামিন
সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ব্যারিস্টার তানিয়া আমীরের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।
বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞা ও বিচারপতি মো. রইস উদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই জামিন মঞ্জুর করে। ব্যারিস্টার তানিয়াকে এ মামলায় কেন স্থায়ী আগাম জামিন দেয়া হবে না তার কারণ দর্শানোর জন্য আদালত সরকারের প্রতি রুল জারি করেছে।
গত ৩০ নভেম্বর রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা পদ গ্রহণের বৈধতা নিয়ে রিট মামলার ওপর হাইকোর্ট আদেশ দেওয়ার সময় প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন মামলার কার্যক্রম বন্ধ করে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন সুপ্রিম কোর্টে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
গত ৫ ডিসেম্বর সুপ্রিমকোর্টের কোর্ট কিপার রফিকুল ইসলাম এ ঘটনায় শাহবাগ থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন।
এ মামলায় গত ১০ ডিসেম্বর ব্যারিস্টাার আমীর-উল ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদসহ সাত আইনজীবীকে আগাম অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল হাইকোর্ট।
