২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যেষ্ঠতার ভিত্তিতে পদায়নের দাবি জানালেন কর্মকর্তারা

প্রশাসনের বিভিন্ন পর্যায়ের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা জ্যেষ্ঠতার ভিত্তিতে পদায়নের দাবি জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে সংস্থাপন সচিব এ এস এম সোলায়মান চৌধুরীর সঙ্গে সংস্থাপন মন্ত্রাণলেয় তার দপ্তরে সাক্ষাৎ করে এ দাবি জানান তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2006, 01:32 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

সোমবার রাতে ৩৬১ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। চাকুরিতে জ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও বিগত জোট সরকারের আমলে তারা পদোন্নতি পাননি। এ প্রসঙ্গে সংস্থাপন সচিব সাংবাদিকদের জানান যাদের পদোন্নতি দেওয়া হয়েছে তারা সবাই যোগ্য। ইচ্ছাকৃতভাবেই হোক বা কারও গাফিলতির জন্যই হোক তাদের ‘সার্ভিস রেকর্ড’ ত্রুটিপূর্ণ করে রাখা হয়েছিল। এজন্যই তারা পদোন্নতি পাননি।

সোলায়মান চৌধুরী আরও বলেন, যাদের গাফিলতির কারণে এসব কর্মকর্তাদের রেকর্ড ত্রুটিযুক্ত করে রাখা হয়েছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

এদিকে সকাল থেকেই সংস্থাপন মন্ত্রণালয়ে পদোন্নতি পাওয়া দুই শতাধিক কর্মকর্তা জড়ো হতে থাকেন। গত পাঁচ বছরে একাধিকবার পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা উল্লাস প্রকাশের পাশাপাশি নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন।

সংস্থাপন সচিবকে ধন্যবাদ এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “পদোন্নতির নীতিমালা অনুযায়ী যোগ্য হওয়া সত্ত্বেও রাজনৈতিক কারণ দেখিয়ে গত পাঁচ বছর আমাদের পদোন্নতি বঞ্চিত করে রাখা হয়েছিল। পদোন্নতি বঞ্চিত হওয়ার কারণে আমরা যারা জ্যেষ্ঠতা হারিয়েছি। আশা করছি সরকারি বিধি মোতাবেক পদায়নের সময় তা বিবেচনা করবে তত্ত্বাবধায়ক সরকার।”