সিরাজগঞ্জে বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত ২৫
শাহজাদপুরে বিএনপি ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, ৭/৮ রাউন্ড টিয়ার গ্যাস সেল ও তিন রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে বিজেপির একটি মিছিল দিলরুবা বাসস্ট্যান্ড সংলগ্ন পূর্ব নির্ধারিত সমাবেশস্থলে যাওয়ার সময় চক্ষু হাসপাতালের মোড়ে বিএনপি নেতাকর্মীদের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। কিছুক্ষণের মধ্যে তা সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে বিএনপি কর্মীদের ইট-পাটকেল নিক্ষেপের কবল থেকে বাঁচার জন্য বিজেপি নেতা অধ্যাপক ডা:এম এ মতিন উপজেলা পরিষদে আশ্রয় নেন।
আহতদের শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অধ্যাপক মতিন হামলার জন্য ১৪ দলকে দায়ী করেন। কিন্তু উপজেলা বিএনপি সভাপতি গ্যাদন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, মতিনকে আগেই শাহজাদপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলে তিনি জনরোষের কবলে পড়েন।
শাহজাদপুরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
