আইনের লোকই ট্রাফিক আইন ভাঙ্গছে সবচেয়ে বেশি!
আইন প্রয়োগকারী সংস্থাই ট্রাফিক আইন ভাঙ্গছে সবচেয়ে বেশি। তাদের ব্যবহৃত অধিকাংশ যানবাহনের কোন নিবন্ধন নেই। নেই নাম্বার প্লেটও। খোদ ট্রাফিক বিভাগ থেকেই এসব তথ্য পাওয়া গেছে। নিজস্ব প্রতিবেদক কৈলাস সরকার জানাচ্ছেন।
চলমান ট্রাফিক মাসে ট্রাফিক আইন মেনে চলতে লোকজন যাতে অভ্যস্ত হয়, সেজন্য সরকারি উদ্যোগে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। কিন্তু খোদ আইন প্রয়োগকারী সংস্থারই এ ব্যাপারে কোন ভ্রুক্ষেপ নেই।
পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা আইন ভাঙ্গলে দায়িত্বপালনকারী কনস্টেবলরা তা দেখেও না দেখার ভান করেন বলে একাধিক ট্রাফিক পুলিশ কর্মকর্তা জানান।।
পুলিশের মহাপরিদর্শক আনোয়ারুল ইকবাল এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এসএম মিজানুর রহমান নফহবংি২৪.পড়স এর কাছে স্বীকার করলেন যে পুলিশের কিছু গাড়ি যথাযথ আইন না মেনেই রাস্তায় নামে।
ট্রাফিক আইনে নিবন্ধন এবং নাম্বার প্লেট ছাড়া রাস্তায় কোন গাড়ি চালানোর কথা স্পষ্ট করে বলা হয়েছে। কিন্তু সরেজমিন রাস্তায় নিবন্ধন ছাড়া অসংখ্য গাড়ি রাস্তায় দেখা গেছে ।
ট্রাফিক বিভাগ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী, ব্যক্তি মালিকানাধীন যানবাহনের নিবন্ধন করতে গাড়ি প্রতি ১০ থেকে ১২ হাজার টাকা লাগে। আর সেবামূলক কাজে ব্যবহার করা হয়ে থাকে বলে পুলিশের ্রে্য লাগে ৭ থেকে ৮ হাজার টাকা।
ডিএমপির মোটর ট্রান্সপোর্ট (এমটি) বিভাগের কর্মকর্তারা জানান, পুলিশের অধিকাংশ গাড়িরই নিবন্ধন বা নম্বর প্লেট নেই। কেবল যানবাহন সরবরাহকারীদের দেওয়া ইঞ্জিন নাম্বার ব্যাবহার করেই এসব গাড়ি রাস্তায় চলাচল করছে।
এমটি বিভাগ থেকে জানা গেছে, পিকআপ ভ্যান ও মোটর সাইকেল মিলিয়ে ডিএমপির প্রায় ২ হাজার ও পুলিশ সদর দপ্তরের প্রায় ২০০ যানবাহন আছে।
জনগণকে ট্রাফিক আইনের সাথে অভ্যস্ত করা এবং যানজট কমানোর লক্ষ্যে ২৩ সেপ্টেম্বর থেকে ট্রাফিক মাস পালন করা হচ্ছে। কিন্তু আইন প্রয়োগকারীরা নিজেরাই এই আইন মানতে অভ্যস্ত নন।
একাধিক ট্রাফিক সার্জেন্ট জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা নেওয়ার আগেই নিবন্ধনহীন যানবাহনের নিবন্ধন করে নম্বর প্লেট সংগ্রহ করার জন্য মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে।
আনোয়ারুল ইকবাল নফহবংি২৪.পড়স কে বলেন, পুলিশ বিভাগের কিছ কিছু যানবাহনের নিবন্ধন বা নম্বর প্লেট নেই। এসব যানবাহনের দ্রুত নিবন্ধন করে নাম্বার প্লেট সংগ্রহ করার জন্য তিনি যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে এতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, আগে পুলিশ বাহিনীকেই গাড়ির নিবন্ধন এবং নাম্বার প্লেট সংগ্রহ করতে হতো। কিন্তু পুলিশ বিভাগের নতুন নিয়ম অনুযায়ী, সরবরাহকারীরাই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে দেবেন।
এক প্রশ্নে জবাবে আনোয়ারুল ইকবাল বলেন, নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সরকারি বরাদ্দ রয়েছে। এছাড়া নিবন্ধন করার জন্য পুলিশ বিভাগের আলাদা তহবিলও আছে।
ডিএমপি কমিশনার এস এম মিজানুর রহমান নফহবংি২৪.পড়স কে বলেন, নিবন্ধনের জন্য যে অর্থ দেওয়া হয় তা পর্যাপ্ত নয়। এছাড়া এই নিবন্ধন প্রক্রিয়া অনেক সময়সাপেক্ষ। তাই জরুরী প্রয়োজনে অনেক সময় পুলিশকে নিবন্ধনহীন এবং নাম্বার প্লেট ছাড়াই গাড়ি নিয়ে বের হতে হয়।
