২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি’ তে হামলা ও ভাংচুর: তদন্ত কমিটি গঠিত, শিক্ষক ধর্মঘট চলছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণনিয়োগ প্রাপ্ত ৫৪৪ কর্মচারি কর্তৃক ভিসি, প্রো-ভিসি দপ্তর ভাংচুর ও শিক্ষকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শনিবার রাতে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 05:44 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

শনিবার সকালে রাবিতে ৫৪৪ কর্মচারি তাদের চাকুরি স্থায়ী করার দাবীতে রাবি ভিসি, প্রো-ভিসি দপ্তরসহ বেশ কয়েকটি দপ্তরে ব্যাপক ভাংচুর চালায়, দুপুরের দিকে কর্মচারিরা প্রশাসন ভবনের সামনে সহকারী প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের পপুলেশন বিভাগের শিক্ষক অধ্যাপক মাহমুদুল হাসানসহ তিন শিক্ষককে মারধর করে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শনিবার রাতে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে।

উপাচার্য প্রফেসর এম আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমাজবিজ্ঞান অনুষদের প্রফেসর সাদেকুল ইসলামকে আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এদিকে শিক্ষকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে শনিবার রাবি শিক্ষক সমিতির ডাকে অনুষ্ঠিত এক সভায় তিন দিনের শিক্ষক ধর্মঘট আহ্বান করা হয়। রোববার রাবি’তে শিক্ষক ধর্মঘট স্বতঃস্ফুর্ত ভাবে পালিত হয়। এ ছাড়া শিক্ষক সমিতির সভায় ঘটনার সঙ্গে জড়িতেদের গ্রেপ্তার ও ৫৪৪ কর্মচারির নিয়োগ বাতিলের ব্যাপারে প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়। অপরদিকে রাবি সাদাদলের শিক্ষকদের এক সভায় ২৪ ঘন্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এদিকে, রোববারও ওই ৫৪৪ কর্মচারি ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে।