বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী মস্কো
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ সার্গেই ভিক্টোরভিচ বলেছেন, তার দেশ বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক এবং বেশ কিছু আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতার ব্যাপারে আনুষ্ঠানিক আলোচনা করতে আগ্রহী।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন শুক্রবার মস্কোয় তার সঙ্গে দেখা করলে তিনি একথা বলেন। দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্যে হেমায়েতউদ্দিন এখন মস্কো অবস্থান করছেন।
সাক্ষাতকালে ভিক্টোরভিচ বলেন, বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে দু’দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সহযোগিতার সম্পর্ককে আরও জোরদার করা যেতে পারে।
এসময় ইসলামী সম্মেলন সংস্থায় (ওআইসি) রাশিয়ার পর্যবেক্ষক হওয়ার পক্ষে সমর্থন দেওয়ায় তিনি বাংলাদেশকে অভিনন্দন জানান। এছাড়াও তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের ভূমিকা এবং দেশের গৃহীত অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান শিগগিরই রাশিয়া সফরে যাবেন বলে আশা প্রকাশ করেন ভিক্টোরভিচ। এক্ষেত্রে তিনি কূটনৈতিক পর্যায়ের আলোচনার মাধ্যমে সফরের তারিখ নির্ধারণ করা যেতে পারে বলে উল্লেখ করেন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বৈঠক ভবিষ্যতে দু’দেশের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যেকার বৈঠক অনুষ্ঠানে সহায়ক হবে।
সাক্ষাতকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে সেদেশের প্রেসিডেন্ট ভাদিমির পুতিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি চিঠি পৌঁছে দেন।
পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় রাশিয়ার সমর্থনের কথা তুলে ধরেন।
তিনি বলেন, রাশিয়া বাংলাদেশের জ্বালানি, বিদ্যুৎ ও অন্যান্য খাতে সহায়তা করতে চাইলে বাংলাদেশ স্বাগত জানাবে।
সাক্ষাতকালে পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিনের সঙ্গে রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এম আমির হুসাইন সিকদার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (ইউরোপ) মো: রুহুল আলম সিদ্দিক, মস্কোয় বাংলাদেশী দূতাবাসের কাউন্সেলর রেজিনা আহমেদও উপস্থিত ছিলেন।
এরআগে বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব সেন্ট পির্টার্সবার্গ সফর করেন। সেখানে তিনি পির্টার্সবার্গ সরকারের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আলেকজেন্ডার প্রোহেনকোর সাথে বৈঠক করেন।
বৈঠকে তারা বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
