২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি’র বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছে এসসিবিএ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ‘অসদাচরণের’ বিরুদ্ধে শুনানির জন্যে রাষ্ট্রপতির কাছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 07:23 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

ভোটার তালিকা প্রণয়নের ব্যাপারে হাইকোর্টের আদেশ অমান্য করায় সিইসি’র বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এসসিবিএ সাধারণ সম্পাদক অ্যাড. এম ইনায়েতুর রহিম মঙ্গলবার বিডিনিউজকে বলেন, হাইকোর্টের রায়ের ১২ দিন পরও আদেশ বাস্তবায়ন না করে সিইসি আদালত অবমাননা করেছেন। সিইসি বিচারপতি এমএ আজিজের এ আচরণের জন্য শুনানি অনুষ্ঠানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের ব্যাপারে আমরা রাষ্ট্রপতির মনোযোগ আকর্ষণ করেছি।

ইনায়েতুর রহিম বলেন, আমরা জেনেছি যে, সিইসি অস্বচ্ছ উপায়ে দুজন নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারে সরকারকে গোপনে পরামর্শ দিয়েছেন। তিনি অসৎ উদ্দেশ্যে তা করেছেন। ভোটার তালিকা প্রণয়নের ব্যাপারে তিনি নির্বাচন কমিশনের বৈঠক আহ্বান করেননি, বরং তিনি এখনও ফাইল চালাচালি করছেন।

তিনি বলেন, ১৫ ফেব্র“য়ারির নির্বাচনের মতো নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার তড়িঘড়ি করে নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন।

তিনি আরও বলেন, বিএনপি’র লোক নিয়োগ করে সরকার নির্বাচন কমিশনকে করায়ত্ত করতে চাইছে। এসএম জাকারিয়া বিভিন্ন দুষ্কর্মে প্ররোচনা দিয়েছেন এবং আদালতের আদেশ লঙ্ঘন করে আবারও আদালত অবমাননা করেছেন। সরকারের অনুকূলে একটি নীল নকশার নির্বাচন সম্পন্ন করতেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ নির্বাচন কমিশনের অচলাবস্থা নিরসনে নতুন নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে বলে যে মন্তব্য করেন, তার সে মন্তব্যকে এসসিবিএ’র সাধারণ সম্পদক শিশুসুলভ ও হাস্যকর বলে অভিহিত করেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের সদস্যদের মধ্যে বা নতুন সদস্য নিয়োগ নিয়ে কোনও বিতর্ক বা সংকট নেই, কিন্তু ভোটার তালিকার ব্যাপারে আছে। সরকার বুঝে ফেলেছে যে, হাইকোর্টের রায় মেনে নিলে তাদের নীল নকশার নির্বাচন অনুষ্ঠানের ষড়যন্ত্র বাস্তবায়িত হবে না। তাদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্যই তারা রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দিয়েছে।

তিনি বলেন, আইনমন্ত্রী গত আট মাসের মধ্যেও বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজির ব্যাপারে রাষ্ট্রপতির দেওয়া আদেশের সাথে একমত হতে পারেননি।

অ্যাড. ইনায়েত বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার অচলাবস্থা নিরসনে আইনমন্ত্রী গত কয়েক বছরেও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ব্যাপারে কোনও পদক্ষেপ নেননি। কিন্তু অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে সরকার রাতারাতি দুজন নির্বাচন কমিশনারকে নিয়োগ দিয়েছে।