২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য আয়োজন: ৩৫ বছরের অর্জনকে ভ্রাম্যমান ’ট্রাকে করে জনসম্মুখে উপস্থাপন করবে সরকার

প্রথমবারের মতো মহান স্বাধীনতা দিবসের কুচ-কাওয়াজ অনুষ্ঠান বেতার ও টেলিভিশনের পাশাপাশি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে স্থাপিত এলসিডি ডিসপ্লেগুলোতে ইন্টার-লিংকের মাধ্যমে সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 03:50 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

এছাড়া স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে আরও জমকালো করার জন্য বিগত ৩৫ বছরে বাংলাদেশের উল্লেখ করার মতো অর্জনকে বর্ণাঢ্য ট্রাক ডিসপ্লে’র মাধ্যমে নগরীর মানুষের সামনে উপস্থাপন করা হবে।

এ ব্যাপারে সব ক’টি মন্ত্রণালয়কে প্রতিযোগিতার মাধ্যমে ট্রাক ডিসপ্লে’র আয়োজন করতে বলা হয়েছে। ট্রাকগুলো নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।

এছাড়া কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রথমবারের মতো নৌপথ রক্ষার জন্য গঠন করা কোস্টগার্ড এর সদস্যরা প্যারেড অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।

মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত আন্তমন্ত্রণালয় কমিটির সভায় এই সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

সভা শেষে উপস্থিত সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, সরকার স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানের নিরাপত্তার জন্য পর্র্যাপ্ত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে।

“কুচকাওয়াজ অনুষ্ঠান সুন্দর ও সফল করার জন্য মূলত চুলচেরা আলোচনা হয়েছে। অনুষ্ঠান সফল করার জন্য গঠন করা হয়েছে বিভিন্ন উপকমিটি। কমিটিগুলো মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান সফল করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে,” প্রতিমন্ত্রী বলেন।

জঙ্গি হামলা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কুচকাওয়াজ অনুষ্ঠানে কোন ধরণের নাশকতামূলক হামলার ব্যাপারে তাদের কাছে কোন আগাম তথ্য বা আভাস নেই।

তিনি বলেন, সারাদেশে দায়ের করা জঙ্গি মামলার তদন্ত কাজ সঠিকভাবে এগুচ্ছে। মামলাগুলো মনিটরিং করার জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে প্রতিটি জেলায় গঠন করা হয়েছে উপ-কমিটি। এসব কমিটি জঙ্গি মামলাগুলোর পর্যালোচনা করবে। এ ব্যাপারে জেলা প্রশাসক বরাবর সার্কুলার পাঠানো হয়েছে।

“ত্র“টিপূর্ণ তদন্তের কারণে কোন মামলা থেকে জঙ্গিরা খালাস পেয়ে গেলে তার দায়ভার সংশ্লিষ্ট কমিটির সবাইকে জবাবদিহি করতে হবে,” বাবর বলেন।

জেএমবি’র প্রধান শায়েখ আবদুর রহমান এবং এবং নিষিদ্ধ সংগঠন জেএমজেবি’র প্রধান বাংলা ভাই এর গ্রেফতারের প্রসঙ্গে তিনি বলেন, তাদেরকে গ্রেফতারের ব্যাপারে সরকার সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে।

ঈদের ছুটিতে বিভিন্ন মহাসড়কে পরিবহন দূর্ঘটনার আধিক্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মূলত এসব দূর্ঘটনা ঘটেছে।

সড়ক দূর্ঘটনারোধে হাইওয়ে পুলিশের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, তাদের কাজ মূলত হাইওয়েতে অপরাধ দমন করা।

সভায় উপস্থিত সূত্র জানায় প্রতি বছর স্বাধীনতা দিবসের প্যারেড অনুষ্ঠান আয়োজনে বিভিন্ন ধরণের সমস্যা থাকে। এই বছর যাতে কোনরকম সমস্যা না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় চুলচেরা আলোচনা করেছেন।

সূত্র আরও জানায়, এই বছর কুচকাওয়াজের জন্য শুধুমাত্র সেনাবাহিনীরই বাজেট ধরা হয়েছে প্রায় দুই কোটি টাকা।

সভায় পুলিশের আইজি, কমিশনার, এবং বিডিআর, আনসার, কোস্টগার্ড ও ফায়ারব্রিগেড এর মহাপরিচালকগণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।