আ’লীগ নেতা মহিউদ্দিনের জামিন আবেদন বাতিল, রিমান্ড মঞ্জুর
আদালত শহর ছাত্রলীগ সভাপতি তাসমিরুজ্জামান তাপস হত্যা মামলায় গ্রেফতারকৃত প্রধান আসামী নিহতের আপন চাচা সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের জামিন আবেদন মঙ্গলবার বাতিল করে দিয়েছেন। পরে তাকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে জেলার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মহিউদ্দিনসহ আদালত গ্রেফতারকৃত ১৩ জন আসামীর দুটি মামলায় একদিন করে দুদিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
হত্যা মামলা ছাড়াও সোমবার গভীর রাতে দারোগা হাসানুজ্জামান বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা করেন। ওইদিন আটককৃত ১৬ জনের মধ্যে ১৩ জনকে তাপস হত্যা ও অস্ত্র মামলায় আসামী করা হয়। মঙ্গলবার ছেড়ে দেওয়া হয় বাকী তিনজনকে।
গ্রেফতাকৃতরা আদালত হাজতে থাকা অবস্থায় বেলা দেড়টার দিকে মহিউদ্দিনের বিরুদ্ধে একটি মিছিল আদালত প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করে। পুলিশ মিছিল থেকে যুবলীগ নেতা আব্দুর রশিদকে আটক করে ও লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে গ্রেফতারকৃতদের কয়েকজনকে পুলিশ সোমবার রাতে অমানুষিক নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে।
গ্রেফতারকৃত মহিউদ্দিনের বাসার গ্যারেজের একটি বালুর বস্তা থেকে পাইপগান উদ্ধারের ঘটনায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। দু’টি মামলায় প্রধান আসামী করা হয়েছে মহিউদ্দিনকে।
আদালতে মহিউদ্দিন দৃঢ় কন্ঠে বলেন, আমি কোনো অপরাধ করিনি। আমি ষড়যন্ত্রের শিকার।
অপরদিকে মঙ্গলবার বেলা ১১টায় শহরের পুরাতন ঈদগাঁ ময়দানে নিহত ছাত্রলীগ নেতা তাসমিরুজ্জামান তাপসের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাকে পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে দাফন করা হয়। এরআগে নিহত তাপসের লাশ নিয়ে শহরে একটি বিশাল মিছিল বের হয়।
তাপসের দাফন শেষে কবরস্থানের কাছেই মহিউদ্দিনের বাস ভবনের পশ্চিমপাশে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ।
ওই হত্যাকাণ্ডের ঘটনায় শহরে সৃষ্ট তীব্র উত্তেজনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
