উত্তর বঙ্গের ১৬ জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার
পরিবহন শ্রমিকদের ডাকে উত্তর বঙ্গের ১৬ জেলার পরিবহন ধর্মঘট রোববার প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সাথে ফলপ্রসূ আলোচনার পর এ অঞ্চলের পরিবহন নেতারা এ সিদ্ধান্ত নেন।
সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ পরিবহন মালিকরা আঞ্চলিক পরিবহন নেতা মজিবুর রহমানের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়েরের প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (বিএসপিএসএফ) আঞ্চলিক কমিটি এ ধর্মঘটের ডাক দেয়।
মিথ্যা মামলায় পুলিশ কাউকে কোন প্রকার হয়রানি করবে না বলে মন্ত্রী পরিবহন শ্রমিক নেতাদের আশ্বাস দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি জিএম সিরাজ এমপি এবং বিএসপিএসএফ’র নির্বাহী সভাপতি শাজাহান খান এমপি ও যুগ্ম সম্পাদক শিমুল বিশ্বাস।
