২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বোমা তৈরীর বিপুল সরঞ্জামাদিসহ ২ জঙ্গি গ্রেফতার

রাজশাহীর তানোর উপজেলার চান্দর ইউনিয়নের পাকাচাঁদপুর গ্রামে শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে পুলিশ ৪ টি পিস্তল ও বোমা তৈরীর বিপুল পরিমান সরঞ্জামসহ দুই জঙ্গিকে গ্রেফতার করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

গোপন খবরের ভিত্তিতে পুলিশ গ্রামের নাসিরউদ্দিন ওরফে মেসেরুল্লার বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে শহিদুল ইসলাম ফারুক ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের সন্নাসীপুর গ্রামের আজমল শেখের ছেলে পাতান শেখ ওরফে তুফানকে গ্রেফতার করে।

এই দুই যুবক জামা’আতুল মুজাহিদিনের সদস্য, তারা বাংলা ভাই এর ঘনিষ্ঠ সহযোগী বলে পুলিশকে জানায়।

এক সুত্রে জানা যায়, গোয়েন্দা সংস্থার সংবাদ অনুযায়ী তানোর থানার ওসি মো. জাহেদুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ গভীর রাতে মেসরুল্লার বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায় এবং ফারুক ও তুফানসহ বাড়ির সকলকে আটক করে। এসময় ফারুকের ঘর থেকে ৪ টি পিস্তল, বিপুল পরিমান গান পাউডার, জঙ্গি প্রশিক্ষণের সিডি, ১৫০ টি ডিটেনেটর, বিপুল পরিমান খালি কৌটা, ইলেকট্রনিক্স ডিভাইস, পাওয়ার জেল, বিস্ফোরক ওজনের নিক্তি, টাইম সার্কিট স্পিন্টার, রেজিস্ট্রার ও ব্যাটারি উদ্ধার করা হয়।

পুলিশ জানায় যে পরিমান বিস্ফোরক পাওয়া গেছে তা দিয়ে কম পক্ষে ৫ শত বোমা তৈরী করা সম্ভব।

এদিকে থানা পুলশের কাছে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে , টাইম বোমা বানানের জন্যই এসব সরঞ্জাম আনা হয়েছে। তবে কোথা থেকে এই সরঞ্জাম আনা হয়েছে তা তদন্তের কারণে পুলিশ জানাতে চাননি।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, প্রথমিক জিজ্ঞাসাবাদে চাঁপাইনবাবগঞ্জের তুফান ১৭ আগষ্টের বোমা হামলার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঐ দিন তুফান চাঁপাই এর কোর্ট প্রাঙ্গনে বোমা রেখে আসে বলে পুলিশকে জানায়।

শহিদুল ইসলাম ফারুক বোমা তৈরী, বিস্ফোরণ ঘটানো ও অস্ত্র চালনায় এক জন দক্ষ প্রশিক্ষক বলে পুলিশ জানতে পেরেছে। গ্রেফতারকৃত দুজনই বাংলাভাইয়ের প্রশিক্ষণপ্রাপ্ত বলেও পুলিশ জানায়।

রাজশাহীর ডিআইজি বাহারুল আলম ও পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। থানায় জঙ্গি দুজনকে নিয়ে আসা ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের সময় তারা পুলিশকে ইসলামের শত্রু বলে মন্তব্য করে। এছাড়াও তারা ওই কর্মকর্তাদের সামনেই বলে, এই সামান্য অস্ত্র ও দু’ চার জনকে আটক করে জামা’আতুল মুজাহিদিনের আন্দোলন থামানো যাবে না।