সিরাজগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে ২৫ জন আহত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সাদামারা গ্রামে সোমবার রাতে জমি দখলকে কেন্দ্র করে দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষে মহিলা ও শিশুসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
সংঘর্ষ চলাকালে তিনটি বাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউণ্ড রাবার বুলেটসহ ব্যাপক লাঠিচার্জ করে এবং ১২ জনকে গ্রেফতার করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, গ্রামের একটি বিরোধপূর্ণ জমির দখলকে কেন্দ্র করে আনোয়ার হোসেন ও ঠান্ডু গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ রাত ১০টায় ঘটনাস্থলে পৌঁছালে একটি পক্ষ লাঠি ও ফালা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
এ সময় পুলিশ আত্মরক্ষার্থে তিন রাউণ্ড গুলিবর্ষণ করে। এ ঘটনায় পুলিশ ১২ জনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে।
