বাগেরহাটের দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত
বাগেরহাটের মোল্লাহাটে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষে মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
এসময় ৪ টি বাড়ি ও একটি দোকান লুটপাট ও ভাংচুর করা হয়। আহতদের মধ্যে ৭ জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার গাংনি ইউনিয়নের রংপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রংপুর গ্রামের ইস্্রাফিল মোল্লা ও ইউসুফ শেখ এর সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। জমির দখল নিয়ন্ত্রণে রাখার চেষ্টাকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে দুই দল গ্রামবাসী লাঠি সোটা ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ইস্রাফিল মোল্লা (৬৫), রসুল শেখ (২৩), নয়ন বেগম (২৪), সুরতি বেগম (৪৫), রিপন (১৫), মিকাইল শেখ (২২) ও হেলেনা বেগম (৫০) কে মোল্লাহাট স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হযেছে।
পুলিশ জানায়, এ ঘটনায় নাজমুল হোসেন শেখ নামে এক ব্যাক্তি প্রতিপক্ষের ৩৪ জনকে আসামী করে মামলা করেছেন। শুক্রবার বিকাল পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
