২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ৯ সাংবাদিককে হত্যার হুমকি

সাতক্ষীরার নয় সাংবাদিককে মৃত্যু পরোয়ারা জারি করে চিঠি ও কাফনের কাপড় পাঠানো হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2005, 07:21 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

রোববার বেলা ১২ টায় মৃত্যু পরোয়ানা জারি করে সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের ঠিকানায় পাঠানো নয়টি চিঠি পৌছে।

চিঠিতে সাংবাদিকদের ইসলামী দল নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে। এই ঘটনায় সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সূত্র জানায়, সাংবাদিকদের নামে পাঠানো পৃথক নয় চিঠির শেষে লেখা রয়েছে ‘বিভিন্ন ইসলামী দলের পক্ষে বাংলা ভাই।’ গত ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার ঘটনায় সাতক্ষীরায় সাংবাদিকদের ধারাবাহিক অনুসন্ধানী রিপোর্টে বেরিয়ে আসে নেপথ্যের অনেক অজানা কাহিনী। সাংবাদিকদের এই অনুসন্ধানী রিপোর্ট করার কারণেই এই চিঠি ও কাফনের কাপড় পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের ধারণা। মৃত্যু পরোয়ানা জারি হওয়া ওই নয় সাংবাদিক হলেন : প্রথম আলোর কল্যাণ ব্যানার্জী, পত্রদূত সম্পাদক এ্যাড আবুল কালাম আজাদ, ডেইলি স্টারের আবু আহমেদ, জনকণ্ঠের মিজানুর রহমান, যুগান্তরের সুভাষ চৌধুরী, সমকালের রামকৃষ্ণ চক্রবর্তী, রানারের ইয়ারব হোসেন, জনতার কালিদাস রায় ও জন্মভূমির রঘুনাথ খাঁ। সাংবাদিকরা বিষয়টি পুলিশ সুপার ও সাতক্ষীরা সদর থানার ওসিকে জানিয়েছেন।