একসাথে বাজতে থাকে ৪শ’ টেলিফোন
শ্রীমঙ্গলে মঙ্গলবার বেলা দেড়টার দিকে একসাথে প্রায় চারশ’ টেলিফোনের রিং বেজে উঠে এবং একটানা আধ ঘন্টা ধরে রিং বাজতে থাকে।
বেলা দেড়টার দিকে একচেঞ্জের ২, ৩, ৪, ও ৫ গ্রুপের টেলিফোনগুলোর রিং একসাথে বেজে উঠে। এ সময় অনেক গ্রাহক বিরক্ত হয়ে টেলিফোনের রিসিভার উঠিয়ে রাখেন। ভুক্তভোগী গ্রাহকরা এক্সচেঞ্জের অপারেটরকে ব্যাপারটি জানালে অপারেটর উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এক্সচেঞ্জের আবাসিক প্রকৌশলী জসিমউদ্দিন তড়িঘড়ি করে সুইচ রুমে ছুটে যান। দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
টিএন্ডটি কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিনের পুরনো সুইচরুমে কারিগরি ত্রুটির কারণেই এ ঘটনা ঘটেছে।
