টাঙ্গাইলে জেএমবি আস্তানায় অভিযান শুরু
টাঙ্গাইলে জামা’আতুল মুজাহিদীদের (জেএমবি) মূল আস্তানা দেলদুয়ারের বার পাখিয়া কওমী মাদ্রাসায় পুলিশ রোববার অভিযান শুরু করেছে।
স্থানীয় সূত্র জানায়, ১৭ আগস্ট দেশব্যাপী বোমা বিস্ফোরণের আগে দেলদুয়ারে জেএমবি অস্ত্র পরিচালনা, বোমা তৈরি ও ব্যবহারের ওপর এক মাসব্যাপী প্রশিক্ষণ চালানো হলেও স্থানীয় পুলিশ প্রশাসন কিছু জানতে পারেনি।
শুক্রবার খাগড়াছড়ির দিঘীনালার চন্দ্রাবতি থেকে গ্রেফতারকৃত শহিদুল ইসলাম এবং এমদাদুল হক পুলিশের জিজ্ঞাসাবাদে ওই প্রশিক্ষণের কথা স্বীকার করে।
পুলিশ শনিবার গভীর রাতে দেলদুয়ার সদর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে জেএমবি’র সাত সদস্য-সদরের মাজহারুল হক ওরফে ইয়াকুব (৪৮), শহীদুর রহমান খান (৫৪), মাওলানা এছহাক (৪৫), জিল্লুর রহমান (২০), মাদারকোল গ্রামের আব্দুস সোবহান (৩৬), ইয়ামিন মিয়া ও কালীহাতির রহমত উল্লাহ ওরফে মামুনকে গ্রেফতার করেন।
রোববার সকালে দেলদুয়ার থানায় টাঙ্গাইলের পুলিশ সুপার তাদের জিজ্ঞাসাবাদ করেন।
