২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীন অবকাঠামো নির্মান করতে মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার

গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে সরকার ১৮ হাজার দু’শ’ ৭৭ কিলোমিটার উপজেলা সংযোগ সড়ক ও এক লাখ ১২ হাজার দু’শ’ ৩৩ মিটার সেতু-কালভার্ট নির্মান করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 09:27 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বিষয়ক মহাপরিকল্পনার অংশ হিসেবে সরকার এই সড়ক ও সেতুÍ-কালভার্ট নির্মানের উদ্যোগ নিয়েছে। শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এলজিইডি কর্তৃক প্রণীত দেশব্যাপী গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বিষয়ক মহাপরিকল্পনা ওপর এক উপস্থাপনা সভা থেকে এ কথা জানা যায়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভুঁইয়া। এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, স্থানীয় সরকার বিভাগের সচিব এএইচএম আবুল কাশেম, এলজিইডি’র প্রধান প্রকৌশলি মোঃ শহীদুল হাসান এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। এলজিইডি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলি ওয়াহিদুর রহমান সভায় গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক মহাপরিকল্পনার ওপর উপস্থাপনা তুলে ধরেন।

সভা সূত্রে জানা যায়, উপজেলা সংযোগ সড়ক ছাড়াও সরকার এ পরিকল্পনার অংশ হিসেবে ৩৩ হাজার আটশ’ ১৮ কিলোমিটার ইউনিয়ন সংযোগ সড়ক ও এক লাখ ২৫ হাজার দু’শ’ ৬৭ মিটার ব্রিজ-কালভার্ট, ৮৭ হাজার পাঁচশ’ ৫৮ কিলোমিটার এ-ক্যাটাগরির গ্রামীণ সংযোগ সড়ক ও দু’লাখ ১৬ হাজার নয়শ’ ৫৭ মিটার ব্রিজ-কালভার্ট, ৭৬ হাজার একশ’ ৯৫ কিলোমিটার বি-ক্যাটাগরির গ্রামীণ সড়ক ও এক লাখ ৫৬ হাজার দু’শ’ ২৬ মিটার ব্রিজ-কালভার্ট নির্মাণ করা হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভুঁইয়া সভায় অগ্রাধিকারের ভিত্তিতে অবকাঠামো নির্মান এবং এসব অবকাঠামো গড়ে তোলার সময় পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার জন্যও তিনি কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন।