শনিবার ঢাকায় ৬ সিটি করপোরেশনের মেয়রদের বৈঠকে অভিন্ন প্রস্তাবনা চূড়ান্ত হবে
দেশের ছয়টি সিটি করপোরেশনের মেয়ররা আগামী শনিবার ঢাকায় বৈঠকে বসছেন।
শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকার গুলশানে মেয়র হাউজে অনুষ্ঠেয় এ বৈঠকে ছয়টি সিটি করপোরেশন এলাকার অভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে একটি প্রস্তাবনা চূড়ান্ত করা হবে। এ প্রস্তাবনা ছয় মেয়র একযোগে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর প্রস্তাবিত ‘সিটি গভর্নমেন্ট’ ব্যবস্থার ওপর আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
এ ব্যাপারে ছয় মেয়র নীতিগতভাবে সম্মত হলেও পদ্ধতিটির নাম ‘সিটি গভর্নমেন্ট’ নাকি ‘মেট্রো গভর্নমেন্ট’ হবে, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। নামের বিষয়টি ওই বৈঠকে চূড়ান্ত করা হবে বলে সূত্র জানায়।
গত ৯ মে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী বিজয়ী হওয়ার পর সিটি গভর্নমেন্ট প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। এ নিয়ে তিনি দেশের অন্য পাঁচজন মেয়রের সাথে যোগাযোগ শুরু করেন। শনিবারের বৈঠকটি এর ভিত্তিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বর্তমানে ছয়টি সিটি করপোরেশনের মধ্যে ক্ষমতাসীন বিএনপির চারজন এবং বিরোধী দল আওয়ামী লীগের দুজন মেয়র রয়েছেন।
বিএনপির মেয়ররা হচ্ছেন, ঢাকায় সাদেক হোসেন খোকা, রাজশাহীতে মিজানুর রহমান মিনু, খুলনায় তৈয়বুর রহমান এবং বরিশালে মজিবর রহমান সারোয়ার। আওয়ামী লীগের মেয়ররা হচ্ছেন, চট্টগ্রামে এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং সিলেটে বদরউদ্দিন আহমেদ কামরান।
