কক্সবাজারে ৫ লক্ষাধিক মানুষ পানিবন্দি, প্রবল বর্ষণ ও সামুদ্রিক জোয়ারে কয়েক কোটি টাকার চিংড়ি ঘের নষ্ট
পাঁচ দিনের টানা বর্ষণ ও পূর্ণিমার জোয়ারে সাগরের পানি বৃদ্ধি পেয়ে কক্সবাজার জেলার বিস্তীর্ণ উপকূলীয় এলাকা পানির নিচে তলিয়ে আছে। পানিবন্দি হয়ে পড়েছে জেলার ৫ লক্ষাধিক মানুষ।
জোয়ার, বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার দুই দ্বীপ উপজেলা মহেশখালী ও কুতুবদিয়া, বৃহত্তর চকরিয়া, পেকুয়া ও টেকনাফ এবং দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন এলাকার অধিকাংশ ভেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলার বিভিন্ন এলাকায় অন্তত ৫ শতাধিক চিংড়ি ঘেরে পানি ঢুকে কয়েক কোটি টাকার চিংড়ি ঘের ভেসে গেছে। উপকূলীয় এলাকার দুই হাজার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত ও বিলীন হয়েছে। অধিকাংশ এলাকায় প্রধান সড়কের ওপর দিয়ে জোয়ারের স্রোত বয়ে চলায় অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতি হয়েছে হাজার হাজার একর ফসলি জমি।
স্থানীয় বিভিন্ন সূত্র এবং সরেজমিন পরিদর্শনে জানা যায়, গত বোববার থেকে টানা তিন দিন পূর্নিমার জোয়ারে বঙ্গোপসাগর ও জেলার আভ্যন্তরিণ নদী ও খালে অস্বাভাবিক পানি বৃদ্ধি পায়। পাশাপাশি টানা বৃষ্টিপাত শুরু হলে একের পর এক উপকূলীয় এলাকা ৩/৪ ফুট পানির নিচে তলিয়ে যেতে শুরু করে। কক্সবাজার শহরের আশেপাশে সৈকত সংলগ্ন কলাতলী, ঝিলংজা, খরুলিয়া, এস.এম পাড়াসহ শহরতলীর নিচু এলাকা পানির নিচে তলিয়ে যায়। এতে দু’শতাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
জেলার বৃহত্তম উপজেলা চকরিয়া ও পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার প্রধান সড়ক প্রবল বৃষ্টির পানিতে ডুবে গেছে। চকরিয়ার-পেকুয়া সড়কের বড়ইতলী এলাকার ১ কিলোমিটার সড়ক পানির নিচে রয়েছে। বুধবার থেকে চিরিঙ্গা-মানিকপুর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এই দুই উপজেলার ২৫টি ইউনিয়নের শতাধিক গ্রামে পাহাড়ি ঢলের পানি ঢুকে পড়েছে। কেবল এই এলাকা গুলোতেই লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে আছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পেকুয়াবাজার ও বারবাকিয়াবাজার এলাকার ২টি স্লুইচ গেট নদীর পানিতে ডুবে গেছে। উজানটিয়া, মগনামা ও রাজাখালী ইউনিয়নে ভেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এই প্লাবনের ফলে পেকুয়া থেকে কুতুবদিয়া ও চকরিয়া যাওয়ার যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এই এলাকায় বৃহস্পতিবার নৌকা চলাচল করছে।
স্থানীয় জনপ্রতিনিধিদের সূত্রে জানা যায়, চকরিয়া পৌর এলাকার পুরাতন বিমান বন্দর, চকরিয়া কলেজ, খাদ্য গুদামে পানি ঢুকে পড়েছে। এছাড়াও উপজেলার সুরাজপুর-মানিকপুর, শাহারবিল, খুটাখালি, ফাসিয়াখালি, কাকারা, লক্ষ্যারচর, পূর্ব বড় ভেওলা, বিএম চর, কোনাখালি ইউনিয়নের অধিকাংশ এলাকা পানির নিচে ঢুবে আছে। সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক জানান, শুধু তার এলাকাতেই তিন শতাধিক বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে।
চকরিয়া পৌর শহররক্ষা বাঁধটির উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় তা যে কোন মুহুর্তে ভেঙ্গে যাওয়ার আশংকা করা হচ্ছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন চৌধুরী ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বলে সূত্র জানায়।
এদিকে কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও বাজার পানিতে ডুবে সহস্রাধিক দোকানে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়িরা দাবি করেছেন। এছাড়াও ঈদগাঁও পুলিশ ক্যাম্প, তহশিল অফিস, হাসপাতাল, টিএন্ডটি অফিস ও ইউনিয়ন পরিষদ ৩ ফুট পানির নিচে ডুবে গেছে। পুলিশ ক্যাম্পের সদস্যরা পার্শ্ববর্তী একটি মার্কেটে অবস্থান নিয়েছেন। ঈদগাঁও বাঁশঘাটা, ডিসি রোড, হাসপাতাল রোড ও কাপড়ের গলি দিয়ে স্রোতের মতো বৃষ্টির পানি প্রবাহিত হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঈদগাঁও বাজারের এমন কোন দোকান নেই যেখানে পানি প্রবেশ করেনি। প্রত্যক্ষদর্শীদের মতে ঈদগাঁও এলাকার আশপাশের ১০/১২টি গ্রাম পানিবন্দি হয়ে আছে। ঈদগাঁও-ঈদগড় সড়ক গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃহত্তর ঈদগাঁও এলাকায় অন্তত পাঁচ হাজার একর ফসলী জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।
সদর উপজেলাধীন উপকূলীয় এলাকা পোকখালীতে প্রায় ১২০ ফুট নদীর পাড় ভেঙ্গে আলফাজ পাড়া, সিকদার পাড়া, উত্তর পাড়া ও জামশেদ পাড়ার তিনশত বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তলিয়ে গেছে পাঁচশত একর ফসলি জমি।
রামু উপজেলার ফতেখারকুল, রাজারকুল, গর্জনিয়া, কচ্ছপিয়া, কাউয়ারখোপ, দক্ষিন মিঠাছড়ি, জোয়ারিয়ানালা, রশিদনগর ইউনিয়নের ফাকরিকাটা, মাঝিরকাটা, সিকদার পাড়া, দোছড়ি, হাইটুপি, শ্রীকুল, পূর্ব রাজাকুল, মনিরঝিল, নয়াপাড়াসহ ৪০টি গ্রামের ২ হাজার বসতবাড়ি প্লাবিত হয়েছে। রশিদনগর ইউনিয়নে স্লুইচ গেইটের দরজা ভেঙ্গে লবন পানি ঢুকে একাকার হয়ে গেছে পুরো এলাকা।
অপর দিকে সীমান্ত উপজেলা টেকনাফের সর্বদক্ষিণ ইউনিয়ন শাহপরীর দ্বীপে পানি উন্নয়ন বোর্ডের দুই কিলোমিটার ভেড়িবাঁধ ভেঙ্গে দুইশত ঘরবাড়ি বিধ্বস্ত হয়। সাগরের প্রবল জোয়ারে ভেড়িবাঁধটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।
দ্বীপ উপজেলা মহেশখালীর পশ্চিমে বিচ্ছিন্ন দ্বীপ ধলঘাটা ইউনিয়নের দক্ষিণ ও পশ্চিম অংশের ভেড়িবাঁধ সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। সাগর ঘেরা এই দ্বীপটির ভেড়িবাঁধ বিধ্বস্ত হওয়ায় অরক্ষিত এই এলাকার সুতুরিয়া বাজার এলাকায় ৬টি চিংড়ি ঘের, দেড় শতাধিক বসতবাড়ি ও ৪টি শিক্ষা প্রতিষ্ঠান সামুদ্রিক জোয়ারে তলিয়ে গেছে। এলাকার চেয়ারম্যান মো. মকবুল আহমদ জানান, ১৯ থেকে ২১ আগষ্ট পূর্ণিমায় সাগরে জোয়ারের পানি স্বাভাবিক উচ্চতার চেয়ে ৬/৭ ফুট বৃদ্ধি পেয়েছিল। এই এলাকার অসহায় লোকজন সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছে। সেচ্ছাশ্রমে নির্মিত সুতুরিয়া বাজার ভেড়িবাঁধ বিধ্বস্ত হওয়ায় দু’শতাধিক বসতবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও ৩০টি চিংড়ি ঘেরে পানি ঢুকে ২কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
আরেক দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিস্তীর্ণ উপকূলীয় এলাকা প্রবল জোয়ারের পানি ও টানা বৃষ্টিপাতে তলিয়ে গেছে। উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের অধিকাংশ ভেড়িবাঁধ বিধ্বস্ত হয়ে এলাকার চিংড়ি ঘেরগুলোর ব্যাপক ক্ষতি হয়।
চকরিয়ার চিংড়ি জোন হিসাবে পরিচিত চরণদ্বীপ ও রামপুরা এলাকার তিনশত চিংড়ি ঘেরে জোয়ারের পানি ঢুকে কোটি কোটি টাকার চিংড়ি ভেসে গেছে। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, ১৯৯১ সালে এই এলাকায় ভেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল। তারপর আর কখনো তা সংস্কার করা হয়নি।
দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টর্মাটিন সাগরে বিলীন হতে বসেছে। দ্বীপের পশ্চিমে সাগরের তীব্র পানির স্রোতে দ্বীপের বিভিন্ন অংশে ভাঙ্গন দেখা দিয়েছে। পূর্ণিমার জোয়ারে দ্বীপের পশ্চিম পাড়া ও উত্তর পাড়ার ২০টি বসতবাড়ি সাগর গর্ভে বিলীন হয়ে যায়। এই সময় ৫শতাধিক নারিকেল গাছও উপড়ে গেছে বলে স্থানীয় এক সংবাদ কর্মী জানিয়েছেন। তাছাড়াও পশ্চিমপাড়ার কেয়ারী পর্যটন পল্লী, পূর্ব ও উত্তর পাড়ায় প্রাসাদ প্যারাডাইস, হোটেল প্রিন্স সাগরে বিলীন হওয়ার আশংকা দেখা দিয়েছে।
