২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ল্ডটেলের ল্যান্ডফোন সংযোগ ও বিক্রির একচেটিয়া অধিকার বাতিল করেছেন সুপ্রিম কোর্ট

ঢাকার গ্রাহকদের ল্যান্ডফোন সংযোগ ও বিক্রয়ে লন্ডনভিত্তিক ল্যান্ডফোন কোম্পানি ওয়ার্ল্ডটেল বাংলাদেশ লিমিটেডের একচেটিয়া অধিকার বাতিল করার ব্যাপারে হাইকোর্টের দেওয়া নির্দেশটি মঙ্গলবার এক রায়ে বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

আইনজীবীরা জানান, সুপ্রিম কোর্টের এ আদেশে ফলে অপর ল্যান্ডফান কোম্পানিগুলো গ্রাহকদের সংযোগ দিতে পারবে।

প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাসসির হোসেন, বিচারপতি ফজলুল করিম ও বিচারপতি আমিরুল কবির চৌধুরীকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার ওয়ার্ল্ডটেলের দায়ের করা আপিল আবেদনটি খারিজ করে দিয়ে হাইকোর্টের আদেশটি বহাল রাখেন।

চুক্তির একটি শর্তানুযায়ী ঢাকা অঞ্চলের গ্রাহকদের সংযোগ প্রদানের একচেটিয়া অধিকার দিয়ে লাইসেন্স প্রদান করা হয়। পরে ২০০৪ সালের মে মাসে সরকার চুক্তি থেকে ওই শর্তটি বাতিল করে দেয়। চুক্তি শর্ত বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে ওয়ার্ল্ডটেল হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করে। হাইকোর্ট ২৩ মে রিট আবেদনটি খারিজ করে দেন এবং শর্ত বাতিলের বৈধতা ঘোষণা করেন।

ওয়ার্ল্ডটেল মঙ্গলবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল আবেদন করলে আপিল বিভাগ পূর্বের আদেশ বহাল রাখেন।

ওয়ার্ল্ডটেল এ বছরের মধ্যে ঢাকায় এক লাখ ৫০ হাজার ল্যান্ডফোন সংযোগ প্রদানের সিদ্ধান্ত নিয়েছিল।

আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামানের সহযোগিতায় মামলাটি পরিচালনা করেন ড. কামাল হোসেন, অ্যাড. মাহমুদুল ইসলাম ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।

সরকারের পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার রফিকুল হক, অ্যাডভোকেট জয়নাল আবেদীন এবং ব্যারিস্টার অনিক হক।