২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলায় জড়িত সন্দেহে শেরপুর ও লক্ষ্মীপুরে ৮ জন গ্রেপ্তার, গাইবান্ধায় ৪ জনকে ৫দিনের রিমান্ডে

১৭ আগস্ট বুধবারের ধারাবাহিক বোমা বিস্ফোরনের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ শেরপুর ও লক্ষ্মীপুর থেকে আরও আটজনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে গাইবান্ধায় গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজনকে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 07:28 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

এছাড়া মাদারীপুরে গ্রেপ্তারকৃত দুজনের মধ্যে একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং অপরজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

শেরপুর প্রতিনিধি জানায়, ১৯ আগস্ট শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে শেরপুর জেলার নালিতাবাড়ি’র বজলুর রহমান (২২), ভোলার চরফ্যাশনের মুসলেহ উদ্দিন (২৩), ঝিনাইগাতীর চেঁঙ্গুরিয়া গ্রামের আনছার আলী (৩৮), শ্রীববদী থেকে ভোলার চরফ্যাশনের অজিউল্ল্যা (২৫), সিরাজগঞ্জের চৌহালী এলাকার আব্দুল মালেক (২২), ময়মনসিংহের তাড়াবান্দার সোহেল (১৮) ও নালিতাবাড়ি’র জাকারিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, এদের বিশেষ ক্ষমতা আইনে আটক করে বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহ মামলায় শনিবার কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদের নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মোজাহিদীন বাংলাদেশ’র সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। গোয়েন্দারা এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। শহরের বিভিন্ন পয়েন্টে অব্যাহত রয়েছে পুলিশের তল্লাশি ।

গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা জেলার ৭টি পয়েন্টে তল্লাশি চালিয়ে বোমা হামলায় জড়িত সন্দেহে ইতিমধ্যে গ্রেপ্তারকৃত ১১ জনের মধ্যে চার জনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

রিমান্ড চলাকালে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে, আসামী তৈয়ুবুর রহমান, জহুরুল হক, রফিকুল ইসলাম ও মোফাজ্জেল হোসেন জামা’আতুল মুজাহিদীনের সক্রিয় সদস্য। তবে গ্রেপ্তারকৃতদের বোমা বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে কোন তথ্য পুলিশ উদ্ধার করতে পারেনি।

অন্যদিকে আটক বাকি ৭ জন জাহিদ রহমান শিমুল, সানোয়ারুল ইসলাম, খলিল উলালাহ জুয়েল, আব্দুল জলিল, আতিকুর রহমান বকুল, মোহাম্মদ আজিজুল ও পিয়ারে আলম জন্যও রিমান্ডের আবেদন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুলিশ সূত্র জানায়, স্থানীয় পর্যায়ে জিজ্ঞাসাবাদ শেষে সন্দেহভাজনদের ঢাকার জয়েন্ট ইন্টারগেশন সেলে প্রেরণ করা হবে।

গাইবান্ধার বিভিন্ন স্থানে পুলিশ এখনো জঙ্গী ক্যাডারদের ধরতে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

রংপুর প্রতিনিধি জানান, বোমা বিস্ফোরণে জড়িত থাকার সন্দেহে রংপুরে গ্রেপ্তারকৃত দুজনকে রিমান্ডের আবেদন জানিয়েছে কতোয়ালী থানা পুলিশ। বুধবার বাসস্ট্যান্ড এলাকা থেকে রেজাউল করিম এবং বৃহস্পতিবার লালমনিরহাট জেলার তালুক খুটামারা এলাকা থেকে মনসুর আলীকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি জানান, বোমা বিস্ফোরণের জড়িত থাকার সন্দেহে মাদারীপুরে গ্রেপ্তারকৃত দুজনের মধ্যে একজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অপরজনকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানায়, বুধবার বোমা বিস্ফোরণের পর মাদারীপুর আদালত এলাকা থেকে ইলিয়াস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার ব্রিফকেস তল্লাশি চালিয়ে ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এছাড়া শনিবার ওবায়দুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।

লক্ষ্মীপুরে প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরের টুমচর থেকে বৃহস্পতিবার বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে নূরু ইসলাম মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার তাকে বিস্ফোরক আইনে আসামী দেখিয়ে আদালতে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেছে পুলিশ।

পারিবারিক সুত্র জানায়, নুরু ইসলাম আগে আওয়ামী লীগ করতো, পরে তাকে ভয় দেখিয়ে বিএনপিতে যোগ দিতে বাধ্য করা হয়। এখন ষড়যন্ত্রমূলকভাবে এ মামলায় ফাসানো হচ্ছে বলে দাবি করেছে তার পরিবার।