২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামা’আতুল মুজাহিদীনের লিফলেটে যা আছে

সারাদেশে সিরিজ বোমা হামলার ঘটনাস্থলে বাংলা ও আরবি ভাষায় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের নামে অসংখ্য লিফলেট পাওয়া যায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 03:07 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

দুই পৃষ্ঠার এই লিফলেটে বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

লিফলেটে জনগণ, বাংলাদেশ সরকার, সংসদের সরকারি ও বিরোধী দল, সরকারি আমলা ও বিচারক এবং মুসলিম বিশ্বের প্রতি ইসলামী আইন বাস্তবায়নের এ আহ্বান জানানো হয়। একই সঙ্গে কাফের ও মুশরেকদের প্রতি উচ্চারণ করা হয় হুশিয়ারি।

লিফলেটে জনগণের প্রতি ইসলামী আইন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলা হয়, এদেশের রাষ্ট্র ক্ষমতায় বসে আছে আল্লাহ বিরোধী শক্তি। কারণ যে প্রক্রিয়ায় রাষ্ট্র প্রধান কিংবা রাষ্ট্রের অন্যান্য পরিচালকরা নির্বাচিত হচ্ছে, তা একটি সম্পূর্ণ অনৈসলামিক পদ্ধতি। পবিত্র কুরআন ও হাদিসের কোথাও প্রচলিত কাফির-মুশরিক বিরচিত গণতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি পদ্ধতির স্বীকৃতি পাওয়া যায় না।

এতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, আপনারা এদেশে আল্লাহর আইন চালু করুন। আমরা আপনাদের সহযোগিতা করব। আমরা ক্ষমতা চাই না, আমরা দেশে তাগুতি শাসনের পরিবর্তে আল্লাহর আইন চাই।

সংসদের সরকারি ও বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, কাফের রচিত গণতান্ত্রিক এই পদ্ধতি সরকারি ও বিরোধী দল নামে দুটি পক্ষ সৃষ্টি করে জাতিকে দলে দলে বিভক্ত করে দেয়।

এতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, আপনারা প্রতিটি মুসলিম দেশে আল্লার আইন বাস্তবায়নের জন্য সরকারকে বাধ্য করুন। কুফরি জাতিসংঘ পরিত্যাগ করুন। ইসলামী দেশ মিলে মুসলিম জাতিসংঘ গঠন করে মুসলিম উম্মাহকে শক্তিশালী করুন।

এতে কাফের-মুশরিকদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলা হয়, বুশ-ব্লেয়ারসহ সমস্ত জালেম শাসকদেরকে হুশিয়ারি করা যাচ্ছে যে, তোমরা মুসলিম দেশের দখলদারিত্ব ছেড়ে দাও। মুসলিম দেশে আর মোড়লিপানা করার চেষ্টা করো না। সারাবিশ্বে মুসলমানরা জেগে উঠেছে। এখনই যদি মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ না করো, তাহলে তোমাদেরকে কোথাও নিরাপদে থাকতে দেওয়া হবে না।

লিফলেটে ইসলাম বিরোধী এনজিওদেরকে সতর্ক করে বলা হয়, তোমরা মুসলিম দেশে ইসলাম বিধ্বংসী কার্যক্রম বন্ধ করো। তা না হলে তোমাদেরকে সমূলে উৎপাটন করা হবে-ইনশাল্লাহ!