নভেম্বরে নতুন ভোটার তালিকা প্রস্তুতির জন্য মাঠ পর্যায়ে কাজ শুরু হবে
আগামী নভেম্বর থেকে নির্বাচন কমিশন নতুন ভোটার তালিকা তৈরির জন্য মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করবে। এরআগে আগামী আড়াই মাসের মধ্যে এ সংক্রান্ত প্রাথমিক কাজ শেষ করা হবে।
মঙ্গলবার নির্বাচন কমিশনের সচিব এসএম জাকারিয়া বিডিনিউজকে বলেন, আগামী আড়াই মাসের মধ্যে আমরা প্রাথমিক কাজ সম্পন্ন করতে পারব বলে আশা করছি। তারপর ঈদুল ফিতরের পর আমরা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করব।
২০০৭ সালে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের আগেই নতুন ভোটার তালিকা প্রস্তুতির কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, ২০০০ সালে ভোটার তালিকা প্রস্তুতির জন্য সময় লেগেছিল পাঁচ মাস ১৪ দিন। ১৯৯৫ সালে এ সময় ছিল চার মাস ১৩ দিন, ১৯৯০ সালে লেগেছিল পাঁচ মাস, ১৯৮৩ সালে ছয়মাস এবং ১৯৭৩ ও ১৯৭৬ সালে লেগেছিল চার মাস।
মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের জন্য ফর্ম প্রস্তুত করতে ইতোমধ্যেই আমরা সরকারি প্রিন্টির প্রেসকে আদেশ দিয়েছি। তহবিল পাওয়ার পর আমরা অন্যান্য প্রাথমিক কাজও খুব শিগগির শুরু করব।
নির্বাচন কমিশন সূত্র জানায়, কমিশন সচিবালয় এখন বাজেট তৈরিতে ব্যস্ত। এই বাজেট হবে প্রায় ১৫০ কোটি টাকার।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ মঙ্গরবার সাংবাদিকদের বলেন, এই বাজেট হবে প্রায় ১৫০ কোটি টাকার কাছাকাছি। তবে আমরা এখনও সমস্ত ব্যয়ের হিসাব করিনি। আগামী দুই একদিনের মধ্যেই আপনারা চূড়ান্ত হিসাব পাওয়া যাবে।
নির্বাচন কমিশন সূত্র আরও জানায়, নতুন ভোটার তালিকা প্রস্তুতের জন্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা তথ্য সংগ্রহ ও প্রচারের কাজ করবেন।
প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে নির্বাচন কমিশন সচিব জানান, ব্যয় নির্ধারণের পর তারা অর্থ মন্ত্রণালয়ের কাছে তহবিল চেয়ে চিঠি পাঠাবেন।
২০০০ সালে ভোটার তালিকা প্রস্তুতির জন্য ১০০ কোটি টাকা খরচ হয়েছিল। ওই তালিকায় ভোটার সংখ্যা ছিল ৭ দশমিক ৪৮ কোটি। কিন্তু এ বছর ভোটার সংখ্যা আরও এক কোটি বাড়তে পারে বলে কমিশনের কর্মকর্তারা আশা করছেন।
