প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ম্যাগস্যাসে পুরস্কার-২০০৫ পেলেন
বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক এবং দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে খ্যাত ম্যাগস্যাসে পুরস্কার-২০০৫ অর্জন করেছেন।
চলতি বছরে যে ছয়জনকে জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে মতিউর রহমান তাদের অন্যতম।
ফিলিপাইনের প্রেসিডেন্ট র্যামন ম্যাগস্যাসের স্মরণে এশিয়ার মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেওয়া হয়।
চলতি মাসের ৩১ তারিখে ফিলিপাইনের সাংস্কৃতিক কেন্দ্রে এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।
প্রত্যেক বিজয়ীকে নগদ অর্থ প্রদান করা হবে এবং ম্যানিলায় ম্যাগস্যাসে ফাউন্ডেশনের বিভিন্ন পাবলিক অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সুযোগ দেয়া হবে।
মতিউর রহমানকে সাংবাদিকতা, সাহিত্য এবং সৃষ্টিশীল যোগাযোগ শিল্পে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়েছে।
ম্যাগস্যাসে ফাউন্ডেশন প্রদত্ত প্রশংসাপত্রে বলা হয়েছে: “তিনি এসিড বিরোধী সংগ্রামে গণমাধ্যমকে কার্যকরভাবে কাজে লাগানোর উদ্যোগ গ্রহণের মাধ্যমে এসিড সহিংসতার শিকার ব্যক্তিদের সাহায্যে এগিয়ে আসতে দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছেন।”
বর্তমানে বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০০ জন বিশেষ করে তরুনীরা এসিড সহিংসতার শিকার হয়। সাধারণত বিয়েতে অসম্মতি, যৌতুক না দিতে পারা এবং যৌন প্রস্তাবে রাজি না হওয়ার কারণে এসব তরুণীরা এসিড নিক্ষেপের শিকার হয়।
মতিউর রহমান হলেন নবম বাংলাদেশী যিনি মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেলেন।
এর আগে সমাজ সেবায় অবদানের জন্য ১৯৭৮ সালে এই বাংলাদেশী হিসেবে প্রথমবারের মতো ম্যাগস্যাসে পুরস্কার পান তাহেরুন্নেসা আবদুল্লাহ। ব্র্যাক এর প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ ১৯৮০ সালে গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনুস ১৯৮৪ সালে ক্ষুদ্র ঋণ তত্ত্বের জন্য এই পুরস্কার পান।
কমিউনিটি লিডারশীপ উন্নয়নের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রুতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী ১৯৮৫ সালে, বাংলাদেশে বসবাসকারী রিচার্ড উইলিয়াম টীম ১৯৮৭ সালে, ইয়াসিন মোহাম্মদ ১৯৮৮ সালে এবং এঞ্জেলা গোমেজ ১৯৯৯ সালে এই পুুরস্কার পান।
এছাড়া ২০০৪ সালে সাংবাদিকতা, সাহিত্য এবং সৃষ্টিশীল যোগাযোগে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার পান বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন -- বাংলাদেশের মতিউর রহমান, থাইল্যান্ডের সিনেটর জন উনফাকর্ণ, ইন্দোনেশিয়ার টেটেন মাসদুকি, ভারতের চিকিৎসক ভি শান্তা, দক্ষিণ কোরিয়ার ইয়ুন হাই-র্যান এবং লাও রিপাবলিকের সোমনাথ সোমফোন।
ফাউন্ডেশনের সভাপতি কারমেনসিটা টি এবেলা বলেন, জনসেবায় অসামান্য অবদান রাখার জন্যই এই ছয়জনকে এই পুরস্কার দেয়া হয়েছে।
তিনি বলেন, নিজ নিজ নেতৃত্ব , উদ্যোগ এবং কাজের দ্বারা তারা দক্ষিণ এশিয়ায় উন্নত সমাজ গঠনে ভূমিকা রাখছেন।
১৯৫৭ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ২৪৩ জনকে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি প্রদান করা হয়েছে।
