কেনিয়ার মহিলা গ্রামে পুরুষের হানা
স্বামীর অত্যাচারে ঘরে থেকেই রক্ষা নেই, ঘর ছেড়েও রক্ষা নেই। কেনিয়ার অধুনা মহিলা গ্রাম নামে পরিচিত ইউমোজার অধিবাসীদের ব্যাপারটি এখন তেমনি।
তারা অভিযোগ করেছেন, একদল পুরুষ তাদের গ্রামে হানা দিয়েছে। ব্রিটেনের ডেইলি টেলিগ্রাফে প্রকাশিত একটি প্রতিবেদনে ঘটনাটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ সালে কেনিয়ার পনেরজন মহিলা তাদের সন্তানাদি নিয়ে স্বামীর ঘর ছেড়ে ইউমোজা গ্রামের শরণার্থী হিসেবে আবাস গড়ে তোলে। তাদের তৈরি একধরনের মালা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। ফলে অল্প দিনেই তারা নিজের পায়ে দাঁড়ায়।
কিন্তু সম্প্রতি মহিলারা অভিযোগ করেছেন, আশেপাশের গ্রামের বেকার পুরুষরা ইউমোজা গ্রামে কোন পর্যটককে ঢুকতে দিচ্ছে না।
সম্প্রতি একদল কিশোর দস্যু মহিলাদেরগ্রামে হানা দিয়ে তাদের মারধর করেছে। এমনকি তাদের মেরে ফেলারও হুমকি দিয়েছে।
ইউমোজা গ্রামের প্রতিষ্ঠাতা রেবেকা লোলোসোলি জানান, গ্রামে আমাদের কোনও শান্তি নেই। আমাদের আয়ের টাকায় ভাগ বসাতেই পুরুষদের এই অত্যাচার।
রেবেকা আরও বলেন, তাদের হামলায় আমরা প্রথম দিকে দৌড়ে পালানোর চেষ্টা করতাম। তারা ধাওয়া করে জঙ্গলের দিকে নিয়ে যেতো এবং যেখানে ধরতে পারতো সেখানেই মারধর করতো। আমরা এখন আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনার চেষ্টা করছি।
পুরুষদের হামলায় মহিলা গ্রামের অধিবাসীরা এখন থেকে আর পালিয়ে না গিয়ে প্রতিরোধের প্রত্যয় ব্যক্ত করেছে।
