২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না

অপরিমিত বৃষ্টিপাতের কারণে জয়পুরহাট জেলার ৫টি উপজেলার কৃষকরা বীজতলায় রোপা আমন ধানের চারা রোপনযোগ্য হলেও তা চাষ করতে পারছে না।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 09:30 AM

Updated : 26 Apr 2022, 05:52 PM

জেলার কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, এই জেলায় মোট আবাদী জমি রয়েছে ৮০ হাজার ২ শ’ ৬ হেক্টর। এবারে রোপা আমন ধানের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৭১ হাজার  ৯ শ’ ৪৯ হেক্টর জমি। আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ লাখ ৯০ হাজার ৪ শ’ ৪৭ মেট্রিকটন। এর মধ্যে জেলার সদর উপজেলায় ১৬ হাজার ৫ শ’ ৩ হেক্টর জমিতে ৪৩ হাজার ৪ শ’ ৫০ মেট্রিকটন ধান, পাঁচবিবি উপজেলায় ২১ হাজার ২ শ’ ৫০ হেক্টর জমিতে ৫৫ হাজার ৭ শ’ ২৫ মেট্রিকটন ধান, আক্কেলপুর উপজেলায় ৯ হাজার ৮ শ’ ৪ হেক্টর জমিতে ২৫ হাজার ৯ শ’ ১০ মেট্রিকটন, ক্ষেতলাল উপজেলায় ১১ হাজার ৭ শ’ ৪৭ হেক্টর জমিতে ৩১ হাজার ৪ শ’ ৪০ মেট্রিকটন এবং কালাই উপজেলায় ১২ হাজার ৬ শ’ ৪৫ হেক্টর জমিতে ৩৩ হাজার ৯ শ’ ২২ মেট্রিকটন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রোপা আমন ধানের বীজতলার জন্য লক্ষ্যমাত্রা ৩ হাজার ৬ শ’ ৫ হেক্টর জমি ধরা হলেও অর্জিত হয়েছে ৪ হাজার ১০ হেক্টর জমি, প্রয়োজনের তুলনায় যা বেশ সন্তোষজনক। 

গত বছরের বন্যার অভিজ্ঞতা থেকে এ বছর কৃষকরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাটির বেশ নিচেই চারা রোপন করেছিল। কিন্তু প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাবে জমিতে আমন ধানের চারা রোপন করতে পারছে না তারা। কেননা, চারা রোপনের জন্য প্রয়োজন ১ দশমিক ৫ ইঞ্চি থেকে ২ ইঞ্চি পানির গভীরতা। আর এর জন্য গড়ে প্রয়োজন ৩৫ মিলিমিটার থেকে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত। অথচ গত ১২ জুলাই পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে গড়ে ২৬ মিলিমিটার থেকে ২৭ মিলিমিটার। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, এ সপ্তাহের মধ্যে আশানুরূপ বৃষ্টিপাত না হলে সেচযন্ত্রের মাধ্যমে পর্যাপ্ত পানি সরবরাহ করাসহ রোপা আমন ধানের চারা লাগানোর জন্য কৃষকদের পরামর্শ দেয়া হবে।