জেদ্দায় অগ্নিকাণ্ডে মৃত্যুবরণকারী ৭ বাংলাদেশীর মরদেহ দেশে আনা ও ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়া চলছে
সৌদি আরবের তায়েফ শহরে ৯ জুলাই অগ্নিকাণ্ডে নিহত সাত জন বাংলাদেশী শ্রমিকদের মৃতদেহ শিগগিরই ঢাকায় আনা হচ্ছে।
মৃতদেহগুলো হস্তান্তর ও ক্ষতিপূরণ আদায় করে তা মৃতদের পরিবারের হাতে পৌঁছে দেয়ার ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সোমবার জানিয়েছে। তথ্য বিবরণীতে জানানো হয়, এ ব্যাপারে নিহতদের পরিজনদের অবহিত করা হয়েছে।
একটি ফার্নিচার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে এই ভাগ্যাহত শ্রমিকরা।
মন্ত্রণালয় জানায়, মরদেহ দ্রুত দেশে আনার এবং নিহত কর্মীদের প্রত্যেকের বকেয়া পাওনাসহ ন্যায়সঙ্গত মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটকে নির্দেশনা দেয়া হয়েছে। দূতাবাসের কর্মকর্তাগণ এ ব্যাপারে সক্রিয় আছেন। ইতোমধ্যেই সৌদি কর্তৃপক্ষ কোম্পানির মালিককে গ্রেফতার করেছে।
এ বিষয়ে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট ওই কোম্পানি ও সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে মন্ত্রণালয়কে অবহিত করছে বলে তথ্য বিবরণীতে জানানো হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলা কর্মসংস্থান অফিসের কর্মকর্তাগণ নিহতদের পরিজনদের সাথে দেখা করে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ।
