এনএসআই’র বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় সরকারের প্রতি কাদের সিদ্দিকীর ক্ষোভ
ফটো সাংবাদিকদের ওপর নির্মমভাবে হামলা চালানোর পরও এনএসআই’র দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে সরকার কোনও ব্যবস্থা না নেওয়ায় রোববার কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ক্ষোভ প্রকাশ করেছেন।
একই সাথে তিনি এ ঘটনার সঠিক তদন্ত ও দোষী কর্মকর্তাদের বিচার দাবি করেন।
রোববার সংসদে পয়েন্ট অব অর্ডারে সুযোগ নিয়ে তিনি বলেন, সাংবাদিকরা সবসময় আমার সমালোচনা করা সত্ত্বেও আমি স্বীকার করছি, তারা খুবই তৎপর। তাদের কারণেই আমরা অনেক ঘটনা সম্পর্কে জানতে পারছি।
কাদের সিদ্দিকী ফটো সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়েরের কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, একজন সাধারণ লোক মিথ্যা বললে দেশের কোনও ক্ষতি হয় না। কিন্তু নিরাপত্তা কর্মকর্তারা যখন মিথ্যা বলে, তখন দেশের নিরপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়ে।
