অধ্যাপক সিতারা পারভীনের জানাযা বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে
মার্কিন যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সিতারা পারভীনের জানাযা বুধবার দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাঁর মরদেহ দাফনের জন্যে বনানী গোরস্থানে নিয়ে যাওয়া হবে।
এর আগে ড. সিতারার মরদেহ সকাল ১১টায় গুলশানের বাসা থেকে তাঁর কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে নেওয়া হবে। তারপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্যে বেলা ১২টা থেকে অপরাজেয় বাংলার পাদদেশে রাখা হবে।
ড. সিতারা পারভীনের কুলখানি অনুষ্ঠিত হবে ১ জুলাই শুক্রবার বাদ আছর তার গুলশানের বাসায়।
তাঁর মা এবং ছোট বোন ও ভগ্নিপতি মঙ্গলবার বিকেলে লন্ডন থেকে ঢাকা এসে পৌঁছেছেন।
শিকাগোতে বাংলাদেশ সময় অনুযায়ী ২৩ জুন বৃহস্পতিবার মধ্যরাতে এক সড়ক দুর্ঘটনায় অধ্যাপক সিতারা পারভীন নিহত হন।
