কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার রায়পুর জেপি হাই স্কুলের সামনে বুধবার দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছে।
দাউদকান্দি থানা জানায়, বুধবার বেলা ১২ টার দিকে নোয়াখালীর ভিআইপি পরিবহনের একটি বাসের (নোয়াখালী-ব-০২-৩০২) সঙ্গে কুমিল্লাগামী প্রিন্স সার্ভিসের একটি বাসের (কুমিল্লা-ব-০৩৬৪) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কুমিল্লাগামী বাসের চালক আনোয়ার (৩৮) ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনায় আহত দুই বাসের মোট ১২ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিআইপি পরিবহনের চালকের অবস্থা আশংকাজনক।
