গাইবান্ধার আহত শিবির কর্মী প্লাবন মারা গেছে, হত্যাকারীদের গ্রেফতার দাবি
গাইবান্ধার পলাশবাড়ীতে যুব ও ছাত্রদলের সন্ত্রাসী হামলায় আহত শিবির কর্মী রেজবুল হক প্লাবন বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
দুপুরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে তার নামাজে জানাজা শেষে এক প্রতিবাদ সমাবেশে শিবির নেতৃবৃন্দ অবিলম্বে প্লাবনের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
প্লাবনকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক যুক্ত বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন ও সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ বলেন, অবিলম্বে এ সকল হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে সন্ত্রাসীদের গ্রেফতারে বাধ্য করা হবে।
উল্লেখ্য, ১৩ জুন পলাশবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্র মিবিরের একটি মিছিলে যুব ও ছাত্রদল হামলা চালালে মারাত্মক আহত অবস্থায় প্লাবনকে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে শিবির কর্মী প্লাবনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পলাশবাড়ী জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় দুইজন ম্যাজিস্ট্রেটসহ বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
