রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৩০
রাজশাহী-ঢাকা মহ্সাড়কে ও ময়মনসিংহ শহরে সড়ক দূর্ঘটনায় বৃহস্পতিবার দু’জন নিহত এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
রাজশাহী প্রতিনিধি জানায়, ঢাকা-রাজশাহী মহ্সাড়কের মতিহার থানার তেঁতুলিয়া নামক স্থানে বৃহস্পতিবার সকালে একটি প্রাইভেট কারের ধাক্কায় এক ফোন ব্যবসায়ী লুৎফর রহমান (২৬) নিহত হয়।
সকাল সাড়ে ১০ টার দিকে দ্রুতগামী একটি প্রাইভেট কার লুৃৎফরকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে তার মৃত্যু হয়।
ময়মনসিংহ প্রতিনিধি জানায়, শহরের কালিবাড়ি রোডে কুমার উপেন্দ্র স্কুলের সামনে বাসের চাপায় এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, রাস্তা পার হওয়ার সময় জামালপুর থেকে ঢাকাগামী মুক্তি পরিবহনের একটি বাস গৃহবধু রানু সরকারকে (২০) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বাড়ি নেত্রকোণা জেলার দূর্গাপুরে। কোতয়ালি থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এব্যাপারে কোতায়ালি থানায় একটি মামলা হয়েছে।
চট্টগ্রাম প্রতিনিধি জানায়, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
জেলা পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম-নাজিরহাট রুটের নাজিরহাটগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের চারিয়া এলাকায় উল্টে যায়। গুরুতর আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে বাসটি নিয়ন্ত্র্রণ হারিয়ে ফেলে বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।
