গোপালগঞ্জে টেলিফোন টাওয়ারে বজ্রপাত, সারাদেশের সঙ্গে চার উপজেলার টেলিযোগাযোগ বন্ধ
গোপালগঞ্জে টেলিফোন টাওয়ারে শুক্রবারের বজ্রপাতে চার উপজেলার প্রায় তিন হাজার টেলিফোন লাইন বিকল হয়ে যায়। এতে সারাদেশের সঙ্গে গোপালঞ্জের টেলিযোগাযোগ বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে গোপালগঞ্জ টেলিফোন বিভাগের উপ-প্রকৌশলী নিয়ামত আলী ও শ্যামল দত্তের সাথে কথা হলে তারা জানান, শুক্রবার বিকেলে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো হাওয়া ও বৃষ্টির সময় টেলিফোন টাওয়ারের দক্ষিণ পাশে বজ্রপাত হয়। এ সময় টেলিফোন সুইচ রুমের সার্কিটে সমস্যা দেখা দেয় এবং প্রায় ছয় হাজার লাইন বিকল হয়ে যায়।
পরে রাত ৮ টার দিকে কিছু লাইন চালু করা সম্ভব হলেও মুকসুদপুর, কাশিয়ানি, কোটালিপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার প্রায় তিন হাজার লাইন এখনও বিকল রয়েছে। লাইনগুলো সচল করতে কারিগরি কাজ চলছে।
টেলিফোন বিভাগের অপর এক সূত্র জানায়, নিম্ন মানের যন্ত্রপাতি দিয়ে নির্মিত টেলিফোন সুইচ রুমের সার্কিট সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে।
