সৌদি ফেরত ৩ যুবক বাড়ি ফেরার পথে অপহৃত
সৌদি আরব থেকে কষ্টার্জিত অর্থ ও জিনিসপত্র নিয়ে স্বজনদের কাছে পৌঁছতে পারল না নোয়াখালী জেলার তিন যুবক।
রোববার দিবাগত রাত সোয়া ৩টায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে একটি ট্যাক্সি ক্যাব নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন সৌদি ফেরত কামাল (২৮), নাহিদুল্লাহ (৩২) ও শামসুল আলম (২৮)। রাত সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া থানার বক্তারকান্দি নামক স্থানে পৌঁছলে একদল দুর্বৃত্ত তাদের অপহরণ করে। কিছুদূর গিয়ে দুবৃত্তরা চালক সুলতানকে রাস্তায় ফেলে রেখে বিদেশ ফেরত তিন যুবক ও অন্য এক যাত্রীকে নিয়ে যায়।
টহলরত পুলিশ সকালে রাস্তা থেকে ক্যাবচালক সুলতানকে উদ্ধার করে, তবে বাকিদের এখনও সন্ধান পাওয়া যায়নি।
উল্লেখ্য, সৌদি ফেরত ওই যুবকদের সঙ্গে আট লাখ টাকার মালামাল ও ডলার ছিল বলে জানা গেছে।
এ ব্যাপারে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
