২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেট ফুয়েলের দাম বাড়লেও বিমান যাত্রী ভাড়া বাড়াবে না

জেট ফুয়েলের দাম বাড়লেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোনো রুটেই যাত্রী ভাড়া বাড়াচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, লোকসানী প্রতিষ্ঠান বিমানকে এ জন্য বিপুল পরিমাণ টাকা গচ্চা দিতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2005, 04:41 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

তবে দেশের বাজারে ডলারের দাম বেড়ে যাওয়ায় বিমানসহ  বাংলাদেশ থেকে চলাচলকারী সব এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটে ১ এপ্রিল থেকে ডলারপ্রতি আড়াই টাকা হারে যাত্রীভাড়া বাড়িয়েছে। ডলারের সঙ্গে টাকার বিনিময় হারের সমন্বয় সাধন করায় এখন যাত্রীদের বর্ধিত মূল্যে টিকিট কিনতে হচ্ছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বিডিনিউজকে বলেন, জেট ফুয়েলের দাম বাড়লেও বাংলাদেশ বিমান কোনো রুটেই যাত্রী ভাড়া আপাতত বাড়াবে না।

বিমান প্রতিমন্ত্রী মীর নাছির বলেন, আমরা এখন প্রতিযোগিতামূলক বাজারে রয়েছি। বিশ্ব বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এখনই আমরা বিমান ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

এভিয়েশন সূত্র জানায়, এর আগে সারা বিশ্বে জেট ফুয়েলের দাম এক দফা বাড়ায় বিমান কর্তৃপক্ষ কিছুদিন আগে শুধু অভ্যন্তরীণ রুটে একশ টাকা করে যাত্রী ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে অবশ্য ওই সিদ্ধান্ত তারা বাতিল করে।

দফায় দফায় জেট ফুয়েলের দাম বাড়লেও বিমান যাত্রীভাড়া বৃদ্ধি না করায় দেশের বেসরকারি এয়ারলাইন্সগুলোও যাত্রী ভাড়া বাড়াতে পারছে না। ফলে তাদেরকেও দিতে হচ্ছে বিপুল পরিমাণ লোকসান।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) রোববার থেকে জেট ফুয়েলের দাম লিটারে পাঁচ টাকা করে বাড়িয়েছে। বিপিসির নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী দেশীয় এয়ারলাইন্সগুলোকে প্রতি লিটারে সাড়ে ৩৩ টাকার স্থলে জ্বালানী তেল কিনতে হচ্ছে ৩৮ টাকা করে। তবে একমাত্র চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এই দাম দেশী-বিদেশী এয়ারলাইন্সের জন্য প্রতি লিটারে ৫০ পয়সা বা এক সেন্ট কম পড়বে।

বিদেশী এয়ারলাইন্সগুলোকে রোববার থেকে প্রতি লিটার জেট ফুয়েল ৪৮ সেন্ট দিয়ে কিনতে হচ্ছে, যা আগে ছিলো ৪৩ সেন্ট। অবশ্য চট্টগ্রাম বিমানবন্দরের জন্য নির্ধারিত নতুন দাম হচ্ছে প্রতি লিটার ৪৭ সেন্ট, যা আগে ছিলো ৪২ সেন্ট।

বিপিসি সর্বশেষ গত বছরের ৮ ডিসেম্বর জেট ফুয়েলের দাম প্রতি লিটারে দুটাকা বাড়িয়ে ৩৩ টাকা ৫০ পয়সা করেছিলো। গত বছর দাম বাড়ানো হয়েছিলো পাঁচবার।

বিশ্ব বাজারে জেট ফুয়েলের দাম বাড়ায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যসহ এশিয়ার বেশ কয়েকটি এয়ারলাইন্স এরই মধ্যে যাত্রী ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে। শনিবার ভারতের রাষ্ট্রায়ত্ব ইন্ডিয়ান এয়ারলাইন্স ১২ শতাংশ যাত্রী ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়েছে।

বিমানের বহরে ছয়টি ডিসি-১০, চারটি এয়ারবাস-৩০০ ও চারটি এফ-২৮ উড়োজাহাজ রয়েছে। এই ১৪টি উড়োজাহাজ দিয়ে বিমান সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে এবং বিশ্বের তিনটি মহাদেশের ২৪টি দেশে আন্তর্জাতিক ও আঞ্চলিক যাত্রীবাহি ফ্লাইট পরিচালনা করছে।