২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসির সোহরাওয়ার্দী মার্কেট থেকে ১০ বছরে প্রায় ৫ কোটি টাকা আদায়, তহবিলে জমা হয়নি কানাকড়িও

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) কাপ্তানবাজার হোসেন শহীদ সোহরাওয়ার্দী মার্কেটে অরাজক অবস্থা চলছে। ১০ বছরে মার্কেট থেকে প্রায় পাঁচ কোটি টাকা আদায় হলেও ডিসিসি’র তহবিলে কানাকড়িও জমা হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 05:20 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

ব্যবসায়ীরা জানায়, করপোরেশনের এক শ্রেণীর কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীদের পকেটে গেছে এই অর্থ। ফলে, ডিসিসি বঞ্চিত হয়েছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে।

ডিসিসি’র বাজার সার্কেলের নির্বাহী প্রকৌশলী সৈয়দ মোজাফফর হোসেন এর সত্যতা স্বীকার করেছেন। তিনি বিডিনিউজকে বলেন, প্রাথমিকভাবে বেইসমেন্ট ও একতলায় ১৩শ দোকান নির্মাণের পর মার্কেটটি চালু করার পূর্ব মুহূর্তে দোকান মালিকরা একটি মামলা দায়ের করে। মামলার কারণে আদালত মার্কেটে দোকান বরাদ্দ স্থগিত করে এটি বন্ধ রাখার নির্দেশ দেয়।

তিনি বলেন, মামলা নিষ্পত্তি না হওয়ায় গত ১০ বছরেও মার্কেটটিতে বৈধভাবে কোনও দোকান  বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। তবে এক শ্রেণীর ব্যবসায়ীরা স্থানীয় প্রভাবশালী একটি চক্রের আশ্রয়ে মার্কেটটি দখল করে রেখেছে। ডিসিসি কর্তৃপক্ষ অনেকবার মার্কেটটি দখলদার মুক্ত করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

তিনি জানান, কর্তৃপক্ষ শেষ পর্যন্ত দখলদারদের সাথে আলোচনা করে সমস্যার সমাধানে চেষ্টা করছে। এ মাসের মধ্যেই তাদের সাথে আলোচনার মাধ্যমে মামলাটি প্রত্যাহার করে নেওয়া হতে পারে। মামলা প্রত্যাহারের পরই মার্কেটটির নির্মাণ কাজ সম্পন্ন এবং দোকান বরাদ্দ দেওয়া হবে। এ জন্য পরিকল্পনা অনুমোদন এবং অর্থ বরাদ্দ হয়েছে।

মার্কেটের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মামলা হওয়ার পর আদালতের নির্দেশে ডিসিসি মার্কেটে তালা ঝুলিয়ে দেয়। বিগত বিএনপি সরকার আমলে স্থানীয় প্রভাবশালী এক নেতার প্রশ্রয়ে মার্কেটটির তালা খুলে ফেলা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ সময় আনুষ্ঠানিকভাবে ডিসিসি কোন বরাদ্দ না দিলেও বেশকিছু ব্যবসায়ী মার্কেটে দোকান দখল করে। এ জন্য প্রভাবশালী ওই নেতাসহ সংশ্লিষ্টরা তাদের কাছে এককালীন মোটা টাকা নেয়। এছাড়াও ব্যবসায়ীদের মাসে যথাক্রমে ১৫শ, ১২শ ও সাতশ টাকা ভাড়া দিতে হয়।

এতে প্রতি মাসে এ মার্কেট থেকে ভাড়া বাবদ নগদ প্রায় তিন লাখ ৯০ হাজার টাকা আদায় হয়। ১০ বছর ধরেই এ টাকা নিয়মিত আাদায় হচ্ছে। এ হিসেবে ১০ বছরে মার্কেট থেকে প্রায় চার কোটি ৬৮ লাখ টাকা ভাড়া বাবদই আদায় হয়েছে। এছাড়াও এককালীন হিসেবে আরও প্রায় ৫০ লাখ টাকা আদায় করা হয়। যার কিছুই ডিসিসি’র তহবিলে জমা হয়নি।

সূত্র জানায়, মার্কেট কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল হোসেনের পক্ষে তার প্রতিনিধি মোসলেম ও শামসুল হক টাকা আদায় এবং ভাগাভাগি করে। এ টাকা ডিসিসি’র কর্মকর্তা, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিসহ অনেকেই পায়।

ডিসিসির বাজার সার্কেলের নির্বাহী প্রকৌশলী সৈয়দ মোজাফফর হোসেন এ অভিযোগ প্রসঙ্গে জানান, ডিসিসির কিছু কিছু লোক এর সাথে জড়িত থাকতে পারে। তবে এ মাসের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে।