তাবানি রক্ষার দাবি জানালো মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
তাবানি বেভারেজ লিমিটেড বন্ধের পায়তারা বন্ধ না করলে শহীদ এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সরকারের সকল কার্যক্রম বর্জনের এবং অনশন পালনের হুমকি দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় কার্য পরিষদ।
পরিষদের নেতৃবৃন্দ বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সহযোগী প্রতিষ্ঠান তাবানি বেভারেজ কোম্পানীতে পেট (পলি এথিলিন টেরা) প্লান্ট স্থাপনের দাবি জানিয়েছেন। একই সাথে তারা অন্যান্য কোম্পানীর সঙ্গে কোকা কোলা ফার-ইস্ট লিমিটেডের সকল চুক্তি বাতিলেরও দাবি জানান।
পরিষদের আহ্বায়ক আমির হোসেন মোল্লা বলেন, কোমল পানীয়ের বাজারে ফেরতযোগ্য কাঁচের বোতলের চাহিদা দিনদিন কমে যাওয়ায় তাবানি বেভারেজকে টিকিয়ে রাখার জন্য এর নিজস্ব পেট প্লান্ট স্থাপন করা দরকার।
তিনি বলেন, বিশ্ব বিখ্যাত কোমল পানীয় কোম্পানী কোকা কোলার বাংলাদেশ শাখা কোকা কোলা ফার-ইস্ট কোম্পানী লিমিটেডের স্থানীয় বোতল উৎপাদনকারী প্রতিষ্ঠান তাবানি বেভারেজ ধ্বংসের পায়তারা চালাচ্ছে। তারা তাবানিকে নিজস্ব পেট প্লান্ট স্থাপনের অনুমতি না দিয়ে তাবানির নেটওয়ার্ক এলাকায় অ্যাকোয়া ডিস্ট্রিবিউটরস লিঃ ও প্রাণ গ্র“পকে বিক্রয়ের অনুুমতি দিয়েছে।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সহযোগী লাভজনক প্রতিষ্ঠান তাবানি বেভারেজ এবং শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এর আয় দ্বারা উপকৃত হচ্ছেন।
তিনি বলেন, কোকা কোলার ভারতীয় শাখার যোগসাজশে অ্যাকোয়া ডিস্ট্রিবিউটরস লিমিটেডের নাম পরিবর্তন করে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং ইন্টারনাল ব্র্যান্ড লিমিটেড নামে নতুন কোম্পানী স্থাপন করে তাবানি বন্ধের ষড়যন্ত্র করছে।
ট্রাস্ট্রের নেতারা বলেন তাদের দাবি না মানলে তারা মহাসমাবেশের মাধ্যমে কোকা কোলার বাংলাদেশ অফিস এবং মন্ত্রণালয় ঘেরাওসহ অনশন পালন করবেন।
