রংপুরে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষে ২৪ জন আহত
রংপুরে পুলিশ ও আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে বুধবার দুপুরে এক সংঘর্ষে দুজন সাবেক সংসদ সদস্য ও তিন পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। ঘটনার পর থেকে রংপুরে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে বারোটার দিকে আওয়ামী লীগের ভুখা মিছিলে পুলিশের বাধা এবং হামলার ফলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পুলিশ এ সময় আট রাউন্ড টিয়ার শেল ছোঁড়ে। আওয়ামী কর্মীরাও পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে।
সংঘর্ষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক সাংসদ সিদ্দিক হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ শাহ আব্দুর রাজ্জাক এবং দুজন মহিলা কর্মীসহ বেশ কয়েকজন নেতা কর্মী আহত হয়। এছাড়া এসপি রফিকুল ইসলামসহ মোট তিন জন পুলিশ সদস্য আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে আওয়ামীগের একটি মিছিল শহরের বেতপট্টির দলীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়, মিছিলের ব্যানার ছিনিয়ে নিয়ে যায় এবং আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপর হামলা চালায়। এর কিছুক্ষণ পর নেতা কর্মীরা জড়ো হয়ে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। সংঘর্ষ প্রায় ২০ মিনিট স্থায়ী হয়।
ঘটনার পর আওয়ামী লীগ কার্যালয়ের আশপাশ, পালপাড়া, লিচুবাগান এবং সেনপাড়া এলাকায় দাঙ্গা পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, আওয়ামী নেতা কর্মীদের খোঁজে পুলিশ বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে বলে দলীয় নেতা কর্মীরা অভিযোগ করেছেন।
