সিলেটের সীমান্ত এলাকায় বিএসএফের আগ্রাসী তৎপরতা বৃদ্ধি
সিলেটের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের আগ্রাসী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এখানে একহাজার একর জমি বাংলাদেশের জন্মলগ্ন থেকেই ভারতের দখলে রয়েছে। সম্প্রতি ভারতীয় নাগরিকরা বিএসএফের সহায়তায় এসব জমিতে দখল পাকাপোক্ত করেছে।
ভারতীয় নাগরিকরা তাদের সীমান্তরক্ষী বিএসএফএর সহায়তায় এসব জমি দখলে নিয়ে চাষাবাদ চালিয়ে যাচ্ছিলো। ইদানিং তারা এ সব জমিতে ঘর-বাড়ি নির্মান করে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছে।
দখলকৃত ভূমি সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে অন্যান্য ভূমির ওপরও বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা চরম হুমকির সম্মুখিন হয়ে পড়েছে। সীমান্ত এলাকার স্থানীয় লোকজন জানায়, এভাবে চলতে থাকলে হাজার হাজার একর জমি ভারত দখল করে নিয়ে যাবে। এর মধ্যে অনেকে নিজের ভূমি হারিয়ে আজ পথে বসেছে।
ভারতীয় বিচ্ছিন্নতাবাদী উলফা, পিএলও, এনএসসিএন গেরিলা সংগঠনের অজুহাতে ভারতীয় নাগরিকরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে সীমান্তে বসবাসকারী বাংলাদেশীদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে।
বিএসএফ মৌলভীবাজার জেলা সীমান্তে গত ছয়মাসে ৫ জনকে হত্যা করেছে এবং ২০ জনকে আটক করে নিয়ে গেছে। এ অঞ্চলের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে টাকা পয়সা ধান ইত্যাদি নিয়ে যাচ্ছে। বাংলাদেশের খাসিয়া পুঞ্জি ও মনিপুরি পাড়াগুলোতে রাতের আধারে হানা দিচ্ছে।
এলাকায় বসবাসকারীরা বিএসএফ ও ভারতীয় সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে দিন-রাত দলবেঁধে পাহারা দিচ্ছে।
