সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য করে ভূমি দখলের অভিযোগ
ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি মন্ত্রণালয়ের ‘কোর্ট অব ওয়ার্ডস : ভাওয়ালরাজ এস্টেট’র কর্মকর্তাদের বিরুদ্ধে আদালদেতর স্থগিতাদেশ অমান্য করে একটি বিতর্কিত জমি দখলের অভিযোগ আনা হয়েছে।
নগরীর উত্তর ধানমণ্ডি এলাকায় ১৫৪ শতাংশের জমি নিয়ে এই বিতর্কের সূত্রপাত।
শুক্রবার দুপুরে সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, আদালতের আদেশের সাইনবোর্ড সরিয়ে ফেলে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে কর্মকর্তারা ওই জমির চারপাশে বেড়া নির্মাণ করছে।
আবেদনের ভিত্তিতে প্রথম আদালতের সহকারী জজ মার্চের ১০ তারিখে ওই স্থগিতাদেশ জারি করেন। আদেশে বলা হয়, আদালত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিবাদীদের ওই জমিতে কোনো প্রকার বেড়া নির্মান করতে নিষেধ করা হয়।
রমিছা খানম এবং আরো কয়েকজন অভিযোগ করেন, ১৯৬০ সালে তারা রহিম দাঁদ খানের কাছ থেকে ওই জমি কিনেছিলেন এবং গত ৪৫ বছর ধরে তারা ওই জমিতে বসবাস করছেন।
তারা জানায়, শ্রী শ্যাম বণিকের কাছ থেকে ১৯৫২ সালে রহিম দাঁদ খান ওই জমি কিনেছিলেন এবং ১৯২৯ সালে শ্যাম বণিক কিনেছিলেন ভাওয়াল কোর্ট অব ওয়ার্ডস’র কাছ থেকে।
রমিছা খানম এবং অন্যান্যের অভিযোগে জানা যায়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি মন্ত্রণালয়ের ‘কোর্ট অব ওয়ার্ডস : ভাওয়ালরাজ স্টেট’র কিছু কর্মকর্তা ১৯৯৮ সাল থেকে তাদেরকে ঊচ্ছেদের মাধ্যমে ওই জমি দখলের চেষ্টা করছে।
অন্যদিকে শুক্রবার বিডিনিউজের সাথে আলাপকালে কর্মকর্তারা জানায়, অবৈধ দখলদারের হাত থেকে তারা তাদের জমি ঊদ্ধার করছে।
ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব সুধির কুমার দাস জানান, তারা জমি ঊদ্ধারের সরকারি আদেশ পালন করছেন মাত্র।
এক প্রশ্নের জবাবে সুধির কুমার এবং ‘ঢাকা নবাব এস্টেট’র ম্যানেজার মোহাম্মদ ফিরোজ জানান, তারা কোনো স্থগিতাদেশ পাননি। তবে আদালতের সাইনবোর্ড সরানোর বিষয়টি তারা স্বীকার করেন।
