বিডিআর প্রতিনিধিদল ফিরেছে, ১৪ এপ্রিল ঢাকায় মহাপরিচালক পর্যায়ে বৈঠক
আগরতলায় বিডিআর ও বিএসএফ’র উপ মহাপরিচালক পর্যায়ের চারদিনের বৈঠক শেষে বিডিআর প্রতিনিধিদল বৃহস্পতিবার দেশে ফিরেছে।
সীমান্ত সংঘাত এড়াতে আগরতলার বৈঠকে দুপক্ষ আগামী ১৪ এপ্রিল ঢাকায় মহাপরিচালক পর্যায়ে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে দুদেশের সন্ত্রাসীদের তালিকা বিনিময় করা হয়।
আখাউড়া সীমান্তে বিএসএফ’র উর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সময় বেলা পৌনে ১টায় বিডিআর’র সাত সদস্যের প্রতিনিধিদলটিকে বিদায় জানান।
বিডিআর’র উপ মহাপরিচালক ও প্রতিনিধিদলের নেতা ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রাব্বানী বিডিনিউজকে জানান, দুদেশের সীমান্ত সংঘাত এড়ানোর বিষয়ে আগরতলায় ফলপসূ বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএসএফ আপাতত সীমান্তের দেড়শ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখবে। এছাড়া আগামী ১৪ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে দুই পক্ষের মহাপরিচালক পর্যায়ের বৈঠক। এর আগে ১ ও ২ এপ্রিল যশোরের বেনাপোলে অনুষ্ঠিত হবে স্টাফ অফিসার পর্যায়ের বৈঠক।
তিনি জানান, আগরতলার বৈঠকে বাংলাদেশ ও ভারত সীমান্তের ১৮টি ইস্যু নিয়ে আলোচনা হয়। এতে দুপক্ষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়টি প্রধান্য পায়। সিদ্ধান্ত নেওয়া হয়, এখন থেকে বিডিআর ও বিএসএফ’ মধ্যে মাঝে মধ্যেই প্রীতি ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করা হবে। শিগগিরই খাগড়াছড়ির রামগড় সীমান্তে দুপক্ষের মধ্যে একটি প্রীতি ফুটবর ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।
ব্রিগেডিয়ার রাব্বানী জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএসএফ খাগড়াছড়ির ভোলানাথপুর সীমান্ত ক্যাম্প শিগগিরই সরিয়ে নেবে। এছাড়া খাগড়াছড়ির ১,৫০০ একর ও মুহুরীর চর সীমান্তের বিরোধপূর্ণ এলাকায় আপাতত কাঁটাতারের বেড়া নির্মাণ না করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
বাংলাদেশ সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ ও অতিরিক্ত সৈন্য সমাবেশকে কেন্দ্র করে গত দেড় সপ্তাহ ধরে খাগড়াছড়ি, আখাউড়া, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, মৌলভীবাজারসহ বিভিন্ন সীমান্তে বিডিআর ও বিএসএফ মুখোমুখি অবস্থান নেয়। দুপক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ও ঘটে।
তবে আগরতলা বৈঠকের আগেই বিভিন্ন সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে দুপক্ষের উত্তেজনা কমতে থাকে। এখন ওই বৈঠকের পর আপাতত সীমান্ত সংঘাত বন্ধ হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
